মাগুরা-খুলনা রুটে বাস চলাচল বন্ধ
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল থেকে মাগুরা-খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে মাগুরা থেকে যশোরসহ অন্য রুটে বাস চলছে। মাগুরা শহরের ভায়না মোড় থেকে যশোরের উদ্দেশে যেসব লোকাল বাস ছেড়ে যাচ্ছে, সেগুলোয় গোয়েন্দা পুলিশ (ডিবি) তল্লাশি চালাচ্ছে।
আজ সকালে মাগুরা জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঢাকা রোড বাসস্ট্যান্ড ও ভায়না মোড় বাসস্ট্যান্ড ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
আগামীকাল শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি রয়েছে। এই গণসমাবেশে জনসমাগম ঠেকাতে বাস চলাচল বন্ধসহ নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি।
কেন্দ্রীয় বাস টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার শেখ হাসানুল করিম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তাঁদের কোনো বাস আজ সকালে খুলনা যায়নি। আবার খুলনা থেকেও কোনো বাস ছেড়ে আসেনি। তবে বেনাপোল, সাতক্ষীরা ও পাইকগাছার উদ্দেশে বাস যাচ্ছে।
স্বাভাবিক সময়ে সকাল ৬টা থেকে ১০টার মধ্যে হানিফ পরিবহনের ৩ থেকে ৪টি বাস মাগুরা-খুলনা রুটে চলাচল করে বলে জানান হাসানুল করিম।
খুলনায় যাওয়ার উদ্দেশ্যে আজ সকালে ঢাকা রোড বাসস্ট্যান্ডে এসেছিলেন মাগুরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের শৈশব মণ্ডল (২২)। তবে সরাসরি খুলনায় যাওয়ার কোনো বাস পাচ্ছিলেন না তিনি।
শৈশব মণ্ডল প্রথম আলোকে বলেন, কাল খুলনায় তাঁর একটি চাকরির পরীক্ষা রয়েছে। কিন্তু সেখানে যাওয়ার কোনো বাস তিনি পাচ্ছেন না। যশোরে তাঁর এক মামা থাকেন। তিনি তাঁকে আপাতত যশোরে যেতে বলেছেন। তারপর তিনি কিছু একটা ব্যবস্থা করার কথা বলেছেন। তাই তিনি এখন যশোরে যাওয়ার চেষ্টা করছেন।
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা যাত্রীদের কাছে খুলনার টিকিট বিক্রি করছি না।’
সকাল সাড়ে ৯টায় শহরের ভায়না মোড়ে গিয়ে দেখা যায়, মাগুরা থেকে আড়পাড়া হয়ে যশোর পর্যন্ত যেসব লোকাল বাস চলে, সেগুলো ছেড়ে যাচ্ছে। কাউন্টারে থাকা পরিবহনশ্রমিকেরা বলেন, সকাল থেকে ১০টির মতো বাস যশোরের উদ্দেশে ছেড়ে গেছে। তবে আজ যাত্রীসংখ্যা খুবই কম।
সকালে ভায়না মোড়ের বাস কাউন্টারের পাশে ডিবির একটি দলকে অপেক্ষা করতে দেখা যায়। প্রতিটি বাস ছাড়ার আগে তারা তল্লাশি চালাচ্ছিল।
যাত্রী, পরিবহনশ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসে তল্লাশিকালে ডিবির সদস্যরা যাত্রীদের পরিচয় জানতে চাচ্ছেন। যাত্রীরা কোথায় কী উদ্দেশ্যে যাচ্ছেন, তা জানতে চাচ্ছেন।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ মাগুরা থেকে খুলনা রুটের সব বাস বন্ধ রয়েছে। মাগুরা-যশোর রুটে লোকাল বাস চলছে। কিন্তু ভায়না মোড়ে প্রতিটা বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরমান হোসেন বলেন, বিএনপির নেতাদের কাছে মাইক্রোবাসও ভাড়া দিচ্ছেন না কেউ। তবে নেতা-কর্মীদের একটি অংশ গতকাল রাতেই খুলনায় পৌঁছে গেছেন। বাকিরা মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে খুলনায় পৌঁছানোর চেষ্টা করছেন।
জানতে চাইলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীদের পুলিশ কোথাও বাধা দিচ্ছে না। তল্লাশি যেটা চালানো হচ্ছে, সেটা রুটিন কাজ। এর সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো যোগসূত্র নেই।