ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, ৮ জনই ঢাকার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি: প্রথম আলো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে ঢাকার বাইরে। এ নিয়ে নভেম্বরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে ১২৮ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এ পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হলো ১ হাজার ৪৭৬ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৪৮ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৩৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৩৯৭ জন ভর্তি হন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে (৫–১১ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। গত সপ্তাহে ১২ হাজার ২৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা আগের সপ্তাহের চেয়ে ৩ শতাংশ বেশি। আর গত সপ্তাহে ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন; তার আগের সপ্তাহে মৃত্যু হয়েছিল ৬৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ লাখ ৯১ হাজার ৮৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৮৮ হাজার ২৫৪ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে—৩৯৬ জনের। আর গত মাসে মারা গেছেন ৩৫৯ জন। এর আগে আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৪২ জনের। চলতি বছরের মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেখেছে দেশ।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। ওই বছর মারা যান ৯৩ জন। করোনা মহামারির আগের বছর ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।