ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার বলেছেন, শেখ হাসিনা বেঁচে থাকতে ভারত ভাঙতে দেওয়া হবে না।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন সাইমুম সরওয়ার।
কক্সবাজার–৩ (সদর ও রামু) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘খালেদা জিয়া দুইবার ক্ষমতায় এসেছিলেন। একবার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত, আরেকবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। দুইবারই আমরা দেখেছি, একবার কক্সবাজারে ছয় ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছিল ১৯৯৪ সালে। আরেকবার ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছিল ২০০৪ সালে চট্টগ্রাম থেকে। ভারতের প্রেসক্লাবের ৪৫ জন সাংবাদিক আমার কক্সবাজার সফরে এসেছিলেন। তাঁরা বলেছিলেন, আমরা কক্সবাজার দেখে যে বিষয়টুকু দেখেছি, ভারতের দিনদর্পণ ও আনন্দবাজার পত্রিকায় লিখেছে, মনে হয়েছে ছয় ট্রাক অস্ত্র এখন অতীত। শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতি সৃষ্টি হয়েছে।’
সাইমুম সরওয়ার বলেন, ‘আমি কোনো দেশকে দায়ী করতে চাই না। অস্ত্র ব্যবসায়ীরা আজকে এই এলাকায় তাকিয়ে আছে। আমি রাজনীতিবিজ্ঞানের ছাত্র হিসেবে যতটুকু বুঝি, পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটেল ওয়ার, ব্যাটেল ফিল্ড হচ্ছে এখন বাংলাদেশ। এখান থেকে ভারত তারা ভাঙতে চায়। এখান থেকে তিব্বতে তারা অস্ত্র পাঠাতে চায়, মিয়ানমারে অস্ত্র পাঠাতে চায়। শেখ হাসিনা বেঁচে থাকতে ভারত ভাঙতে দেওয়া হবে না।’
আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার বলেন, ‘যে ভারত আমাদের সাথে ছিল দুঃসময়ে, ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময়। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের কবর পশ্চিমবঙ্গে রেখে এসেছি, তাদের (ভারত) অনেক সৈন্যের কবর এ দেশে রয়েছে।
একসঙ্গে মিলে আমরা কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছিলাম। সেই ভারত ভাঙতে শেখ হাসিনার কোনো কর্মী এখানে কাউকে ক্ষমতায় আসতে দেবে না।’