রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ওই মামলায় গত বছরের ২৫ অক্টোবর রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক। অভিযোগ গঠনের পর মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রিতা।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান।

আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, রিতা দেওয়ানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও মামলার বাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

২০১৯ সালের ১০ ডিসেম্বর টাঙ্গাইলে পালাগানে অংশ নেন বাউলশিল্পী  রিতা দেওয়ান। সেখানে পালাগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে, এমন অভিযোগে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা করেন আইনজীবী ইমরুল হাসান। পালাগানের পর অবশ্য রিতা দেওয়ান ইউটিউবে এসে ক্ষমা চেয়েছিলেন।

অন্যদিকে মামলাটি আমলে নিয়ে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষে আসামি রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে ২০২১ সালের অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রিতা দেওয়ান ছাড়া মামলার অপর দুই আসামি হলেন শাহজাহান ও ইকবাল হোসেন। অভিযোগ গঠনের সময় তাঁরা আদালতে হাজির ছিলেন। রিতা দেওয়ানসহ তিন আসামি জামিনে আছেন।