এজাজের বিদায়, ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার
ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে এই পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ এজাজ। তাঁর স্থলাভিষিক্ত হবেন সুরাইয়া আখতার জাহান।
আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আখতার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এ ছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।