উত্তরায় গৃহকর্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, খোঁজ নেই গৃহকর্মীর
রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর দেওয়া চেতনানাশক মেশানো চা বা খাবার খেয়ে আয়েশা আক্তার (৬২) নামের এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আনোয়ার হোসেন (৬৮) অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, গৃহকর্মী বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওই দম্পতির সঙ্গে তাঁদের ছোট ছেলে মনোয়ার হোসেন ও পুত্রবধূ থাকতেন। তবে ঘটনার সময় তাঁরা বাসায় ছিলেন না।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, মাত্র তিন দিন আগে একজন পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে ওই গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, বয়সের কারণে দম্পতি সব সময় বাসায় থাকতেন। গতকাল গৃহকর্মী বাসায় আসার সময় দুজনেই সেখানে উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, গৃহকর্মী চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাঁদের অচেতন করেন। এতে আয়েশার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, গৃহকর্মী সার্বক্ষণিক কাজ করতেন না। কাজ শেষে তিনি চলে যেতেন। গৃহকর্মীকে নিয়োগ দেওয়ার সময় পরিবারটি এনআইডি বা কোনো পরিচয়পত্র নেয়নি। গৃহকর্মীর মুঠোফোন নম্বরও নেই পরিবারটির কাছে। সেই সুযোগ নিয়েই তিনি পালিয়ে গেছেন।