কল্পনার রঙে সেজেছে বর্ণ
নিজের ভাষার বর্ণ, শব্দ, বাক্যের প্রতি সহজাত টান থাকে। ওই বর্ণগুলোই তো একেক করে সজ্জিত হয়ে মনের ভাবনা, কল্পনার জগতের প্রকাশ ঘটায়। এই কল্পনার জগৎ কখনো অন্যের সঙ্গে মেলে, কখনো একেবারে নিজের হয়ে থাকে। কল্পনার রংগুলো কেউ লেখায়, কেউ শুধু বর্ণে সাজায়। তেমনই ‘বর্ণকারিগর’দের দেখা পাওয়া গেছে প্রথম আলো আয়োজিত ‘বর্ণকারিগর’ প্রতিযোগিতায়।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ণকারিগর’ প্রতিযোগিতায় শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিশু, কিশোর-কিশোরীরা নানাভাবে বর্ণ তৈরি করে পাঠিয়েছিল। বর্ণ পাঠানোর শেষ সময় ছিল ১৮ ফেব্রুয়ারি। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ইন্স্যুরেন্স ভবনে প্রথম আলো কার্যালয়ে বিচারকেরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিন বিভাগের সেরা ৯ জনকে বিজয়ী নির্বাচিত করেন।
বর্ণমেলার আয়োজনের অংশ হিসেবে আজ ‘বর্ণকারিগর’ ও ‘মায়ের কাছে লেখা চিঠি’ প্রতিযোগীদের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার জন্য মোট ১৪৯টি বর্ণ জমা পড়েছিল।
বিচারক ছিলেন শিল্পী আবদুল মান্নান, আবুল বার্ক্ আলভী ও ওয়াকিলুর রহমান। বিচারকেরা জানান, বয়স অনুসারে বর্ণ তৈরি ও চিঠি লেখা হয়েছে কি না, সেটা বিচারের সময় বিবেচনা করা হয়েছে। কারণ, শিশুদের নিজেদের মতো করে ভাবনা প্রসারিত হতে দিতে হবে। অভিভাবকেরা সেখানে শুধু সহায়কের ভূমিকা পালন করবেন।
কতভাবেই-না তৈরি হয়েছে বর্ণ!
আশপাশে চোখের সামনে যত উপকরণ আছে, তার সবকিছু দিয়েই বর্ণ বানিয়েছে বর্ণকারিগরেরা। আস্ত ছোলার ডাল, আধভাঙা ছোলার ডাল, মসুর ও মুগ ডাল দিয়ে, আবার কখনো সব ডালের মিশ্রণ দিয়ে কেউ কেউ ভিন্ন ভিন্ন বর্ণ বানিয়েছে। শুধু খাওয়ার ডাল নয়, গাছের শুকনা সরু ডাল দিয়েও একজন লিখেছে ‘ড’ বর্ণ। একজন ধান দিয়ে সবুজ ফ্রেমে ধান সাজিয়ে ‘ধ’ লিখেছে। কেউ আস্ত তেঁতুল আর তেঁতুলের বিচি দিয়ে ফ্রেমবন্দী করেছে ‘ত’ বর্ণটি। মুড়ি দিয়ে ‘ম’ তৈরি করেছে কেউ।
বিচারক আবদুল মান্নান বলেন, এই বর্ণ তৈরির বিষয়গুলো শিশুদের নিজের ওপর ছেড়ে দিতে হবে। খুব সুন্দরভাবে, খুব দক্ষভাবে উপস্থাপনের জন্য অভিভাবকেরা যেন নিজেরা হস্তক্ষেপ না করেন। তাঁরা শুধু সহায়তা করবেন। শিশুটি যেন শুধু নিজের ভাবনা দর্শকদের সামনে উপস্থাপন করতে পারে, সেভাবে তাকে তার মতো করে করতে দিতে হবে।
নির্দিষ্ট কোনো উপকরণ নেই বর্ণ তৈরিতে! ওষুধের খালি পাতা, কলম, রিবন, খবরের কাগজ, শোলা, দেশলাই, পেনসিল কাটার পর ফেলে দেওয়া খোসা, বাদামের খোসা, সুতা, জেমস ক্লিপ, শুকনা মরিচ, বোতাম, শর্ষে, কালিজিরা ইত্যাদি। ‘অ’ বর্ণটি লিখতে হাত ঘোরানোর পদ্ধতি কেউ কেউ ব্যবহার করেছে। সেই ‘অ’ বর্ণটি ছিল অনেকবার হাত ঘুরিয়ে লেখা গোলাকার আকৃতির। মোটা করে ‘শ’ এঁকে এর ‘পেটের ভেতর’ আঙুল ঘুরিয়ে রঙের ফোঁটা দিয়ে স্বকীয়তা এনেছে কেউ কেউ। মাটির একাধিক টিয়া পাখি বসিয়ে ‘ট’ বর্ণ, পাখির নীড় দিয়ে ‘ন’ বর্ণ ছিল।
বিচারক আবুল বার্ক্ আলভী বলেন, এ ধরনের আয়োজনগুলো ভাষার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। বর্ণ তৈরির ক্ষেত্রে কীভাবে সৃজনশীলতা আরও বাড়ানো যায়, আরও নান্দনিকভাবে উপস্থাপন করা যায়, সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।
বর্ণকারিগরদের কেউ পাটপণ্য দিয়ে লিখেছে ‘প’, আর সেই ‘প’কে একটি বড় ফ্রেমে রেখে চারপাশে লাগিয়ে দিয়েছে পাটের তৈরি ছোট ছোট পণ্য। কেউ সাধারণভাবে সাদা কাগজে ‘আ’ লিখেছে কাদা দিয়ে। কিন্তু সেই ‘আ’ বর্ণ ঘিরে আঁকিবুঁকি করে নিজের কল্পনাকে প্রসারিত করেছে। কেউ বর্ণ ঘিরে রংতুলি দিয়ে চিত্রকর্ম করেছে। বিপজ্জনক কাজও করেছে কেউ কেউ, দর্পণ বোঝাতে ‘দ’ লিখেছে কাচের টুকরা দিয়ে।
আরেক বিচারক ওয়াকিলুর রহমানের মতে, এ ধরনের আয়োজন শিশুদের বর্ণ নিয়ে কিছু করতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, বর্ণকে নানা চিত্র, উপকরণ দিয়ে উপস্থাপনের ঐতিহ্য রয়েছে। এর বাইরে আরও সৃজনশীলতা কীভাবে আনা যায়, তা নিয়ে ভাবতে দিতে হবে শিশুদের।
যারা বিজয়ী হয়েছে:
শিশু থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ছিল ‘ক’ বিভাগে। এই বিভাগে প্রথম হয়েছে সানিডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সামাওয়াত ইবনাত রাশেদ। মনিপুর উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ফাইয়াজ সাইফান যায়ান দ্বিতীয় এবং বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) শিক্ষার্থী আদিয়ান ফাইজ তৃতীয়।
খ বিভাগে প্রথম হয়েছে ঢাকা আর্ট স্কুলের শিক্ষার্থী সাফওয়ানা বিনতে শহীদ, দ্বিতীয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) শিক্ষার্থী তানাজ জাহান অর্থী এবং তৃতীয় হয়েছে নেভি এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাফিয়ান খন্দকার। এই বিভাগে অংশ নেয় চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা।
গ বিভাগে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এই বিভাগে প্রথম পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী দেবলীনা সরকার, দ্বিতীয় হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রামিশা তারান্নুম এবং তৃতীয় হয়েছে একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজর্ষি সাহা।
বিজয়ীদের পাশাপাশি এ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, তাদের সবার তৈরি করা বর্ণ আগামীকাল একুশে ফেব্রুয়ারি ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘বর্ণমেলা’য় প্রদর্শন করা হবে।
মাকে নিয়ে আবেগ শব্দে-বাক্যে:
‘আমি তোমার ছোট্ট হাঁসের ছানা। সারাক্ষণ তোমার সাথে থাকতে আমার ভালো লাগে।’ মায়ের কাছে লেখা চিঠিতে এক শিশু মাকে নিয়ে এমন আবেগ প্রকাশ করেছে। চিঠির শেষে লেখা, ‘ইতি, তোমার জারুল ফুল।’ আরেকজন লিখেছে, ‘আমি কিন্তু সরি। তোমার বারণ অমান্য করেই আজ রাত জাগতে হলো। তুমি বলেছ, রাত ১০টার মধ্যে ঘুমোতে, কিন্তু ঘুমিয়ে গেলে আমি চিঠি লিখব কীভাবে? আমি যে তোমায় চিঠি লিখতে বসেছি...’ শব্দে শব্দে মায়ের প্রতি এমন আবেগ-ভালোবাসা প্রকাশ করেছে শিশুরা।
‘মায়ের কাছে লেখা চিঠি’ প্রতিযোগিতায় ১০ বছরের কম বয়সীদের লেখা মোট ৩২টি চিঠি জমা পড়ে। এর মধ্য থেকে ১০টি চিঠি সেরা নির্বাচিত করা হয়। এ ১০ জন হলো আহনাফ মাহমুদ, মাশিয়াত আহমেদ, জাফরিহা জাহান, রাদ শাহাদাত, কিনান আলমানি, এইচ প্রিয়স্মিতা জামান প্রনিধি, নাবহান তাজওয়ার, সারাহ, আরিব ইসলাম রাফি ও মা-আজ বিন সাজিদ জায়ান।
এই ১০ জনের চিঠির সঙ্গে আরও ১০টি চিঠিও আগামীকাল ওই ‘বর্ণমেলা’য় প্রদর্শন করা হবে। দুটি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে বই দেওয়া হবে।