পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর

  • ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু।

  • পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ।

  • আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়েছে। তবে কেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

গতকাল মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।

জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গতকাল পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।

রূপপুর কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
আরও পড়ুন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ গতকাল ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

রূপপুর কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে ঠিকাদারের কাছ থেকে পরমাণু শক্তি কমিশনের কাছে স্থানান্তর হবে রূপপুরের প্রথম ইউনিট। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।

বাণিজ্যিক উৎপাদন আগামী বছর

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্র বলছে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনার কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি নজরদারি করবেন।

বিদ্যুৎকেন্দ্রটির সংশ্লিষ্ট সূত্র বলছে, পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। এরপর এটি সফলভাবে শেষ করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফল বায়েরার অনুমোদনের পর পরের ধাপে (সি স্টেজে) যায় রূপপুর। এরপর গতকাল জাতীয় গ্রিডে প্রথমবারের মতো সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে প্রবেশ করল বিদ্যুৎকেন্দ্রটি। এ দফায় সফল পরীক্ষার পর ডি ধাপে যাবে কেন্দ্রটি, যা চূড়ান্ত ধাপ।

উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বায়েরার কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। তাই পরীক্ষা শেষে পাওয়া ফলাফলের প্রতিবেদনটি বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ চলবে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪ ঘণ্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি দেড় বছর পর নতুন জ্বালানি দিতে হবে।
আরও পড়ুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে রূপপুর

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন।

বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রূপপুরে প্রতিটি ধাপ সর্বোচ্চ নিরাপত্তা মান, অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করা হবে। পারমাণবিক জ্বালানির বিক্রিয়ার মধ্য দিয়ে শুরু হয় তাপশক্তি উৎপাদন। এ তাপ দিয়েই বাষ্প তৈরি করে ঘোরানো হয় টারবাইন, উৎপাদন হয় বিদ্যুৎ। চুল্লিপাত্রে শক্তি উৎপাদন শুরুর পর উৎপাদন ক্ষমতা ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হওয়ার পর জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪ ঘণ্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি দেড় বছর পর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা, নতুন জ্বালানি ঢোকানো ও রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিট সর্বোচ্চ দুই মাস বন্ধ থাকতে পারে। রূপপুরের একটি ইউনিট চালু হলে বছরে ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা যাবে। অথচ সাড়ে তিন বছর পিছিয়ে গেছে এটি।

স্মার্ট গ্রিড হলে অত ঝুঁকি ছিল না। সনাতনী পদ্ধতিতে চাহিদা-সরবরাহ ব্যবস্থাপনায় গ্রিড বিপর্যয়ের ঝুঁকি থেকে যায়। কেননা রূপপুর বিদ্যুৎকেন্দ্র বেশি হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। তাই চাহিদা ব্যবস্থাপনা করাটা খুবই জরুরি। গ্রিডে সঞ্চালনের পরীক্ষা দক্ষতার সঙ্গে শেষ করতে হবে।
অধ্যাপক শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ

২০১১ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তির আওতায় ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রোসাটমের ইঞ্জিনিয়ারিং কোম্পানি অ্যাটমস্ট্রয়এক্সপোটের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সই হয়।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে।

দেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড স্মার্ট নয়। এটি চলে চাহিদা অনুমানের ভিত্তিতে, সনাতনী প্রক্রিয়ায়। এর মধ্যেই বিভিন্ন ধরনের উৎস থেকে যুক্ত হচ্ছে বিদ্যুৎ। সৌরবিদ্যুতের পরিমাণও বাড়ছে। এর মধ্যে গ্রিডে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্মার্ট গ্রিড হলে অত ঝুঁকি ছিল না। সনাতনী পদ্ধতিতে চাহিদা-সরবরাহ ব্যবস্থাপনায় গ্রিড বিপর্যয়ের ঝুঁকি থেকে যায়। কেননা রূপপুর বিদ্যুৎকেন্দ্র বেশি হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। তাই চাহিদা ব্যবস্থাপনা করাটা খুবই জরুরি। গ্রিডে সঞ্চালনের পরীক্ষা দক্ষতার সঙ্গে শেষ করতে হবে।

আরও পড়ুন