পুলিশের সাবেক এডিসি শচীন মৌলিককে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর তেজগাঁও এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শচীন মৌলিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার শচীনকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১। আজ সোমবার এই আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিজসহ তেজগাঁও এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়েছে। সম্প্রতি শচীন মৌলিককে ওই মামলায় গ্রেপ্তার করা হয়।