যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ কনস্টেবলের নাম শহীদুল ইসলাম। তিনি চট্টগ্রামের চকবাজার থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি শেষে শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিয়ষটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম স্ত্রী ও সন্তানদের নিয়ে নগরের নাসিরাবাদ সি অ্যান্ড বি কলোনির সরকারি কোয়ার্টারে থাকেন। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুক না পেয়ে নির্যাতনের অভিযোগে গত রোববার খুলশী থানায় মামলা করেন তাঁর স্ত্রী দিলরুবা হোসেন।

মামলার এজাহারে বলা হয়, শহীদুল ইসলাম যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। সর্বশেষ গত শনি ও রোববারও স্ত্রীকে নির্যাতন করেন তিনি। রোববার মামলা দায়েরের পর গতকাল সোমবার রাতে শহীদুলকে গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশ।