রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়ার জামিন আপাতত স্থগিতই থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার
ছবি: সংগৃহীত

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার ওরফে স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। ফলে এই সময়ে সোনিয়ার জামিন স্থগিত থাকছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

মামলায় গত ৩১ অক্টোবর হাইকোর্ট সোনিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি নিয়ে ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করেন। চেম্বার আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ আপিল বিভাগে শুনানি হয়।

আরও পড়ুন

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ। সোনিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, কায়সার কামাল, মনিরুজ্জামান আসাদ ও মাকসুদ উল্লাহ।

পরে আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, সোনিয়া একজন নারী। এবং তাঁর অপরাধের ধরন বিবেচনায় জামিনের আরজি জানানো হয়। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। এই সময় সোনিয়ার জামিন স্থগিত থাকছে।

সোনিয়া রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি জেলা মহিলা দলের সদস্য। তাঁর স্বামী প্রবাসী। ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন সামসুল আরেফিন চৌধুরী নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। পরে অভিযোগটি মামলা হিসেবে গত ৫ অক্টোবর রেকর্ড করা হয়। মামলায় ৫ অক্টোবর সোনিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৩১ আগস্ট সোনিয়া তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে ‘আপত্তিকর’ কথা লেখেন। অনেকে পোস্টটি দেখায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

মামলায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে গত ২৬ অক্টোবর বিফল হন সোনিয়া। তারপর তিনি জামিন চেয়ে ৩০ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন। এর শুনানি নিয়ে ৩১ অক্টোবর হাইকোর্ট সোনিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।

আরও পড়ুন