‘ভাইরাল আপা’ খেতাবের নেপথ্যের যন্ত্রণা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
রাজীব, ডেঙ্গুতে ২৪ বছর আর ১৬ বছর বয়সী দুই ছেলেই মরে গেছে। এটা শুনে রাজীব আহমেদ নড়েচড়ে বসল।
দুই ছেলেই মারা গেছে?
হ্যাঁ। ২১ দিনের ব্যবধানে নাকি মারা গেছে।
একটু থেমেই রাজীব বলল, আপা, এই ছেলেদের মা বা বাবাকে ফোন দেন। ঢাকায় থাকলে বাসায় চলে যান। দ্রুত নিউজটা করে ফেলেন।
রাজীব তো বলল। কিন্তু প্রথমত হলো এই মা-বাবার মুঠোফোন নম্বর পেতে হবে। তারপর এই মা-বাবাকে ফোন করতে হবে, এটা ভাবতেই পুরো শরীর অবশ হয়ে গেল। দেশের বাইরে থাকা দুই ছেলের যে আত্মীয় ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তিনি দ্রুতই সাড়া দিলেন। তাঁর কাছে মা-বাবার মুঠোফোন নম্বর চাইলাম। তিনি দুই ছেলের মামার নম্বর দিলেন। এর মধ্যে রাজীব দুই দফায় তাড়া দিয়ে বলেছে, নিউজটা হলো না এখনো?
নিজেও বুঝতে পারছিলাম এ নিউজ করতে পারলে প্রথম আলোর পাঠকেরা পড়বেন। এমন নিউজ করার চেষ্টা করি বলে অফিসে লাজ্জাত ভাই, সুমি আপাসহ অনেকেই আমাকে ‘ভাইরাল আপা’ ডাকেন। তবে ভাইরাল আপা হওয়ার নেপথ্যের যন্ত্রণাগুলো সেভাবে কখনো প্রকাশ করা হয় না।
ডেঙ্গুতে মারা যাওয়া মো. নাজমুল হাসান ইফতি (২৪) পড়তেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে। আর মো. ইনতিসার হাসান ইয়াস (১৬) পড়ত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে নবম শ্রেণিতে। বাবা মো. বাবুল হক। মায়ের নাম নাজমিন আক্তার। দুই ছেলের মামা রোকনুজ্জামান ছেলেদের বাবার নম্বর দিলেন। ছেলেরা মারা যাওয়ার পর মা–বাবা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে আছেন। ফোন হাতে নিই, আবার রেখে দিই। কোনোভাবেই ফোন করার সাহসটা পাচ্ছিলাম না। কীভাবে কথা শুরু করব? কীভাবে বলব, ছেলেদের মৃত্যুর কথা শুনতে চাই, জানতে চাই। কিন্তু নিউজ করতে হলে এ কাজটি করতেই হবে।
আর এবারই প্রথম তা তো নয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মা-বাবা, মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তান হারানো কিংবা হাম, ডেঙ্গুতে মারা যাওয়া, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া...এমন ঘটনায় একাধিক স্টোরি তো করতেই হয়। কিন্তু প্রতিবারই মনের মধ্যে দ্বন্দ্ব কাজ করে। মা–বাবার মুখোমুখি হতে হবে, ফোন করতে হবে—এ ধাপটি পার হতেই অনেক সময় লেগে যায়।
যাই হোক, রাজীবের তাড়ার ফলে ফোন হাতে নিলাম। কোনো রকমে বাবার সঙ্গে কথাও হলো। অনুমতিও পাওয়া গেল। এই দুই ছেলের মা নাজমিন আক্তার প্রথমে কোনো কথাই বলতে চাচ্ছিলেন না। কিন্তু মায়ের একটু কথা পাওয়া গেলে ভালো হতো। অফিসে রিপোর্ট জমা দেওয়ার একদম শেষ পর্যায়ে ছেলেদের মামাকে বললাম, আপনার বোনকে একটু ফোনটা দেন। আমি কথা বলে দেখি।
নাজমিন ফোন ধরলেন। দুই পাশেই কিছুক্ষণ নীরবতা। তারপর এই মা আস্তে আস্তে কথা বলা শুরু করলেন। ডেঙ্গুতে ছোট ছেলে আগে মারা গেছে। কবে জ্বর হলো, কোথায় নেওয়া হলো, কবে মারা গেল, ছেলে ভালো রান্না করত এমন অনেক স্মৃতি বলতে বলতে এক সময় মা বললেন, এইখানেই আমার ছোট ছেলের গল্প শেষ হলো। এইবার বড় ছেলে...। এ কথাটা বুকের মধ্যে গিয়ে লাগল। আহারে মা, এই কষ্ট বয়ে বেড়াবেন সারা জীবন। তারপর বড় ছেলেকে নিয়ে কথা বললেন। সব মিলে এক ঘণ্টার বেশি সময় কথা বলতেই থাকলেন। নিউজ জমা দেওয়ার তাড়া, যেহেতু মা কথা বলেছেন, তাই নিউজটা পুরোটাই আবার অন্য রকম করে লিখতে হবে। কিন্তু এই মাকে থামানোর সাহস পাচ্ছিলাম না। মনে হলো, এই মা কথা বলে যদি নিজের মনের কষ্টটা একটু কমাতে চান, কমাক।
সেই নিউজটা প্রথম আলোর লিড স্টোরি হিসেবে ছাপা হলো। পাঠক এবং সহকর্মীদের কাছ থেকে ভালোই সাড়া পেলাম। অফিসের লিফটে একজন সহকর্মী বললেন, আপা, এমন স্টোরি করার পর সুস্থ থাকেন কীভাবে? সেটা অবশ্য এক বিরাট প্রশ্ন।
কোনো এক স্টোরির জন্য বাসা থেকে ফোন করেছিলাম এক মাকে। ছেলে মারা গেছে তা তখনো নিশ্চিত ছিলাম না। মাকে বলেছিলাম, আপনার ছেলে তো মারা গেছে? ফোনে কথা বলার সময় আমার পাশেই ছিল আমার বড় মেয়ে। ফোন রাখার পর আমার মেয়ে খুবই মন খারাপ করল। বলল, মা তুমি কেমনে পারলা একজন মাকে এভাবে প্রশ্ন করতে। বললাম, আমাকে তো নিশ্চিত হতে হবে, আর কথা বলতে গেলে তো অনেক প্রশ্নই করতে হবে, যা আমি নিজেও করতে চাই না বা ভুক্তভোগী মা–বাবার জন্যও উত্তর দেওয়া কষ্টকর।
সন্তান হারানো বা অমানবিক কোনো ঘটনা ঘটলে অফিসের সহকর্মী নাজনীনসহ অনেকেই সেই নিউজটা নিজে না করে আমাকে করতে বলেন। এই সহকর্মীরা কিন্তু জানেন এই নিউজ করলে প্রথম আলোর সর্বোচ্চ পাঠক পড়েছে এমন তালিকায় তা জায়গা পাবে। মাস শেষে অফিসের পক্ষ থেকে আনিসুল হক ভাই একটি খামও হাতে তুলে দেবেন। কিন্তু তারপরও সহকর্মীরা তা করেন না। ‘ভাইরাল আপা’ ডাক বা খেতাব পাওয়ার পেছনে এই সহকর্মীদের ভূমিকাও অনেক। নিউজ প্রকাশের পর সহকর্মীদের অনেকেই জানতে চান, এমন প্রতিবেদন করার পর সুস্থ থাকি কীভাবে।
সহকর্মীদের অনেকেই জানান, নিউজের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন এটা আমার করা নিউজ, তাই সাহস করে আর পড়েননি। পাঠকদেরও অনেকেও এমন কথা জানান। আমার নিউজ প্রকাশের পর অন্য মিডিয়ার বন্ধু, ছোট ভাই বোনেরাও একটু চাপের মধ্যে থাকে। ফোন দিয়ে বলতে থাকে, আপা তোমার জন্য অফিসে গালি খেলাম। আমার কাছ থেকে ভুক্তভোগী পরিবারের নম্বর নিয়ে তাঁরা নিউজ করে সেই চাপ কমান।
তবে অমানবিক ঘটনার মানবিক গল্প লেখার পর সব অভিজ্ঞতাই খারাপ থাকে না। সন্তান হারা মা-বাবাদের অনেকেই আমার বন্ধু-স্বজন হয়ে গেছেন।
‘অটোরিকশায় বসে কোলে করে ছেলের লাশ বাসায় আনি’—২০২৪ সালের ২৯ আগস্ট এ শিরোনামে একটি প্রতিবেদন করি। শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বছরটির ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় শহীদ হয় ১৬ বছর ৯ মাস বয়সী শাহারিয়ার খান আনাস। আনাসের মা সানজিদা খান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) থেকে অটোরিকশা দিয়ে ছেলের লাশ নিয়ে বাসায় ফেরেন।
সানজিদা খানের সঙ্গে প্রায় সময়ই ফোনে কথা হয়। ফোনে স্বজনের মতো ধমকের সুরে বলেন, আপা আপনি কিন্তু নিজের শরীরের খেয়াল রাখছেন না, প্রায় সময়ই অসুস্থ থাকেন। এভাবে তো হবে না। এমন ফোন পেলে ভালোও লাগে। ভুক্তভোগী অন্য বাবা-মায়েরা ফোন করে আমার দুই মেয়ের জন্য দোয়া করেন। প্রথম আলো তাঁদের বিপদের দিনে পাশে ছিল বলে প্রথম আলোর জন্যও অনেকে দোয়া করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমি মাঝে মাঝে ভাবি, আমার অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে। মর্গে গিয়ে লাশ দেখছি, ছবি তুলছি, ভিডিও করছি। তারপর অফিসে এসে হাতমুখ ধুয়ে খেতেও বসে যাচ্ছি। স্বাভাবিকভাবে নিউজ লিখছি। তবে সন্তান মারা গেছে এমন কোনো প্রতিবেদন করলে অবচেতন মনে নিজের দুই মেয়ের চেহারা চোখের সামনে ভাসতে থাকে। রাতে বাসায় ফিরে গোপনে দুই মেয়ের মুখের দিকে তাকাই। মেয়েরা যখন ঘুমিয়ে থাকে তখন চুপিচুপি ওদের ঘরে গিয়ে দেখে আসি। বুঝতে পারি এটা নিউজের প্রভাবে হয়।
নিউজ করার পর নিউজ ভাইরাল হোক বা না হোক, ভাইরাল আপা ডাক শুনি বা না শুনি, কাজগুলো করতে ভালো লাগে। আর প্রতিটি নিউজ প্রকাশের পর সন্তান হারানো যে মা–বাবা বা স্বজনেরা কথা বলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই মানুষগুলোর সহায়তা পাওয়া না গেলে প্রতিবেদন করা কখনোই সম্ভব হতো না। ওই ব্যক্তিদের জায়গায় নিজেকে কল্পনা করে শিউরে উঠি। একটি অমানবিক ঘটনার রেশ কাটতে না কাটতেই অন্য কোনো ঘটনার ভেতরে ঢুকে যেতে হয়। এভাবেই চলে আমার দৈনন্দিন রোজনামচা। নতুন কোনো ঘটনা ঘটলে প্রথমেই মনে পড়ে, ওফ, আবার কোনো মা-বাবাকে ফোন করতে হবে...।