সংসারের ব্যস্ততা ছেড়ে রং-তুলি নিয়ে বসলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কালারস’ প্রদর্শনীতে শিল্পী ও অতিথিরা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পড়াশোনা শেষে সংসারের ব্যস্ততা নিয়েই কাটছিল এসব নারীর জীবন। চাকরি, সংসার, সন্তান পালনসহ নানা দায়িত্বের চাপে সবাই প্রায় ভুলতেই বসেছিলেন যে তাঁরা চারুকলায় স্নাতকোত্তর। বহুদিন পর হলেও তাঁদের প্রত্যাবর্তন হয়েছে রং–তুলির ক্যানভাসে। নিজেদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে হাজির হয়েছেন তাঁরা।

গত শুক্রবার রাজধানীর লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে নয়জন নারী শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘কালারস’। শিল্পীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৮৯-৯০ ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। তাঁরা পড়েছেন অঙ্কন, সিরামিক, ভাস্কর্য, ছাপচিত্র, গ্রাফিক ডিজাইনে। এই শিল্পীদের মধ্যে তিনজন অঙ্কনের শিক্ষক, বাকিরা স্বাধীন শিল্পী।

‘কালারস’-এর সাধারণ সম্পাদক রিফাত জাহান প্রথম আলোকে বলেন, ‘স্নাতকোত্তরের পর অনেক দিন আমরা ঘরে বসে ছিলাম। এরপর আবারও একত্র হয়ে শিল্পচর্চা শুরু করি। বঞ্চিত নারী ও শিশুদের জন্য কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের। নিজেদের শিল্পকর্ম বিক্রির অর্থ দিয়ে সেই কাজটি শুরু করতে চাই।’

২০১৬ সাল থেকে নিয়মিত যৌথ প্রদর্শনীর আয়োজন করে আসছেন এই শিল্পীরা। গত বছরের ফেব্রুয়ারি মাসে তাঁদের আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চলমান প্রদর্শনী ঘুরে দেখা গেছে, নারীর মনোজগতের ছবিই যেন ফুটে উঠেছে বিভিন্ন মাধ্যমের কাজগুলোতে। ভাস্কর্য ও চিত্রকর্মে নারী, প্রকৃতি ও নারীর অবসাদের শিল্পরূপ এঁকেছেন শিল্পীরা।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার শিল্পাঙ্গন গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী বীরেন সোম।

চিত্রকর্ম, ভাস্কর্যসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম নিয়ে ‘কালারস’-এ স্থান পেয়েছে ৫৭টির বেশি শিল্পকর্ম। এর মধ্যে রয়েছে শায়লা আখতারের ৬টি চিত্রকর্ম, মর্জিয়া বেগমের ৫টি চিত্রকর্ম, ফারহানা আফরোজের ১২টি চিত্রকর্ম, রেবেকা সুলতানার ৪টি চিত্রকর্ম ও রিফাত জাহানের ৭টি চিত্রকর্ম। এ ছাড়া রয়েছে মুক্তি ভৌমিকের ৫টি ভাস্কর্য, ফারজানা ইসলামের ১০টি ভাস্কর্য, রেহানা ইয়াসমিনের ৫টি টেরাকোটার কাজ ও মনিরা সুলতানার ৩টি মুখোশ।

শিল্পাঙ্গনে এই প্রদর্শনী চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী ঘুরে আসা যাবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।