বাবাকে বারবার হাতের ক্ষত দেখাচ্ছে আদিবা, দুই বছরের আদিলার চোখেমুখেও ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শয্যার কাছে এসে বাবাকে হাতের ক্ষত দেখাচ্ছে আদিবা
ছবি: প্রথম আলো

হাসপাতালে আবু বক্করের শয্যার কাছে বারবার ছুটে আসছে ছয় বছরের মেয়ে আদিবা হোসেন। নিজের হাতের একটি ক্ষতচিহ্ন বাবাকে দেখাচ্ছে সে। বাবা আবু বক্কর সে ক্ষতের ওপর হাত বুলিয়ে দিয়ে মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাবা-মেয়ের মধ্যকার এমন দৃশ্য দেখা গেল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

গতকাল শনিবার দেশে ফেরা দুবাই প্রবাসী বাবাকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে গিয়েছিল আদিবা। আবু বক্করের তিন মেয়ের মধ্যে আদিবা সবার বড়। বাবাকে স্বাগত জানাতে আদিবার সঙ্গী হয়েছিল তার ছোট বোন দুই বছরের আদিলা হোসেনও। তাদের সঙ্গে ছিলেন নানা মুসা আহাম্মেদ।

আবু বক্কর তাঁর দুই মেয়ে এবং শ্বশুরকে নিয়ে ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারে করে বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁদের বাড়ি ফটিকছড়ির লেলাং ইউনিয়নে। আদিবা বাঁ পাশে বাবার গা ঘেঁষে বসে ছিল। আর আদিলা ছিল বাবার কোলে। বাড়ির পথে আধঘণ্টা যেতেই ঘটে যায় দুর্ঘটনা।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে একটি কনটেইনারবাহী লরি বক্করদের পরিবহনকারী প্রাইভেট কারটিকে চাপা দেয়।

বক্করের বড় ভাই হাসানের কোলে আদিলা
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুরুতে তাঁরা ভেবেছিলেন চালকসহ গাড়ির পাঁচ আরোহীর সবাই মারা গেছেন।

হঠাৎই গাড়ি থেকে আদিবা বের হয়ে আসে। স্থানীয় লোকজন বের হয়ে আসা আদিবাকে নিজেদের কাছে রেখে অভয় দেন। তাঁরা কান্নারত মেয়েটিকে শান্ত করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা তখন লরির নিচে প্রাইভেট কারে আটকা পড়া চারজনকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এই চারজন হলেন আবু বক্কর, তাঁর শ্বশুর মুসা আহাম্মেদ, মেয়ে আদিলা ও গাড়িচালক। খবর দেওয়া হলো পুলিশে। কেউ কেউ নিজেদের মতো করে বিভিন্ন সংস্থার দ্বারস্থ হন। দুই ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় চারজনই জীবিত উদ্ধার হন।

উদ্ধারের পর বক্কর ও মুসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বক্কর বুকে ও ঘাড়ে আঘাত পেয়েছেন। আর মুসা আঘাত পেয়েছেন পায়ে ও বুকে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।

আবু বক্কর ১৮ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন। গতকাল বিকেলে হাসপাতালের বিছানায় শুয়ে প্রথম আলোকে তিনি বলেন, কী হয়েছে বুঝতে পারিনি। দুর্ঘটনার পরপর দেখি গাড়ির বাঁ দিকের দরজাটি খুলে যায়। আমার মেয়েটি (আদিবা) বের হয়ে যেতে সক্ষম হয়। আমার বাঁ পা আটকে যায় সামনের আসনের নিচে। কোলে মানে ঊরুর ফাঁকে ছোট্ট আদিলা। কোনোরকমে কাত হয়ে ছিলাম।

উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে বক্কর বলেন, ছোট মেয়েটি (আদিলা) কোলে ছিল। কান্না করছিল। তাকে অভয় দিয়েছি। কিন্তু নিজেও ভয়ে ছিলাম। যদি গাড়ির ছাদ এক-দুই ইঞ্চি দেবে যায়, তাহলে শেষ।

একসময় কোলের কাছে আটকে থাকা মেয়ে আদিলাকে আগে উদ্ধার করা হয়। এরপর বাঁ পা আটকে যাওয়া বক্করকে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে বের করে আনা হয়। বের করা হয় শ্বশুর মুসা ও গাড়িচালককে।

আরও পড়ুন

মেয়ে, স্বজনসহ নতুন জীবন পাওয়া বক্কর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। তিনি মনে করেন, মা-বাবার দোয়া ছিল বলে এমন বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

হাসপাতালে আদিলাও ছিল। আবু বক্করের বড় ভাই মো. হাসানের কাঁধে মাথা এলিয়ে দিয়ে ফ্যালফ্যাল করে তাকাচ্ছিল আদিলা। তার চোখেমুখে তখনো ভয় আর আতঙ্ক।

হাসান বলেন, মেয়েটি খুব ভয় পেয়েছে। বাবাকে আনতে যাওয়ার আগের দিন রাত থেকে খুব উৎফুল্ল ছিল। এই ঘটনায় সে খুব ভয় পেল।

আরও পড়ুন