পিস্তল হাতে নেওয়ার অন্য উদ্দেশ্য পায়নি পুলিশ, এখন আবার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিস্তল হাতে মিছিলে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী
ছবি: সংগৃহীত

প্রকাশ্যে পিস্তল হাতে মিছিল করে আলোচনায় আসা বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এবার গুলি করে মারার হুমকি দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই হুমকি দেন। এর আগে পিস্তল হাতে মিছিল করার বিষয়টি তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ বলছে, অন্য কোনো উদ্দেশ্যে পিস্তল হাতে নেননি সংসদ সদস্য। অস্ত্রটি তাঁর লাইসেন্স করা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গত ২২ মে বাঁশখালী সদরে আওয়ামী লীগের মিছিলে তিনি প্রকাশ্যে অস্ত্রটি প্রদর্শন করেছিলেন। এক মাসের মাথায় এবার গুলি করার হুমকি দিলেন।

হুমকি দিয়ে দেওয়া সংসদ সদস্য মোস্তাফিজ রহমানের এ বক্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে তিনি প্রথম আলোরও সমালোচনা করেন। নতুন করে প্রকাশ্যে গুলি করে মারার বক্তব্যের বিষয়ে মোস্তাফিজুর রহমানকে রোববার রাত আটটায় ফোন করা হয়। তিনি ফোন ধরে কথা না বলে কেটে দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত শুক্রবার দেওয়া বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমরা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। সেদিন প্রকাশ্যে সভায় বিএনপির এক নেতা বলেছিল, প্রধানমন্ত্রীকে নাকি কবরস্থানে পাঠাবে। তার প্রতিবাদে সেদিন আমরা এই অফিস থেকে একটা মিছিল বের করেছিলাম। মিছিলের একটিমাত্র কারণ ছিল, যারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে এবং তার দোসরদের প্রতিহত করা।’

মোস্তাফিজুর রহমান চৌধুরী আরও বলেন, ‘আমার পিস্তল অবৈধ নয়। আমার পিস্তল লাইসেন্স করা। আমরা বিশ্বাস করি, বিশ্বমানবতার মা, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে, না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে। সুতরাং আমার মতো লোক এমপি না হলেও কিছু যায়–আসে না। জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। সে জন্য যারা তাঁকে মারার হুমকি দিয়েছে, তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি। তাদের আবার স্মরণ করে দিতে চাই, এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। নেত্রীর ওপর যদি কোনো হামলা হয়, তাদের রেহাই দেব না।’

মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যদি কিছু হয়, তাহলে তাদের আমরা জীবিত কাউকে ফেরত দেব না।’

১১ মিনিটের এই বক্তব্যে সংসদে চট্টগ্রামের ভাষায় বক্তব্যদানের প্রসঙ্গ টেনে মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনেক সংসদ সদস্য আমাকে বলেছেন আপনি তো চট্টগ্রামের ভাষায় বক্তব্য দিয়ে হিরো হয়ে গেছেন। আমি বলেছি, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে যারা কবরস্থানে পাঠাবে বলেছে, আমি এখনো বলছি, প্রয়োজনে আমার সংসদ সদস্য পদ চলে যাক। আমার লাগবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে যারা হুমকি দিয়েছে, তাদের বিচার নয়, তাদের ডাইরেক্ট গুলি করে দেব।’

এর আগে গত ২২ মে পিস্তল হাতে তিনি মিছিলের সামনে হাঁটছিলেন। সেই মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে জেলা পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে।

তদন্তের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ রোববার প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের অস্ত্রটি বৈধ। লাইসেন্স করা পিস্তল। তিনি অকস্মাৎ অস্ত্র বের করে হাতে নেন। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুন

বৈধ অস্ত্র অকারণে প্রকাশ্যে মিছিলে হাতে নিয়ে হাঁটার বিষয়ে তদন্তে পুলিশের পক্ষ থেকে কী করা হয়েছে, জানতে চাইলে জেলা পুলিশ সুপার বলেন, সামনে যাতে এ ধরনের ঘটনা আর না হয়, সংসদ সদস্যকে বলা হয়েছে। আইন সবার জন্য সমান। বৈধ অস্ত্র বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে।

এবারে গুলি করে মারার হুমকি প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, গণমাধ্যমে বিষয়টি তিনি দেখেছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

আরও পড়ুন