চট্টগ্রামে জামায়াত–শিবিরের ১৫ কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আদালত ভবন
ফাইল ছবি

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার জামায়াত ও শিবিরের ১৫ কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদ করতে গ্রেপ্তার আসামিদের পুলিশ পাঁচ দিনের রিমান্ডে চান। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীক্ষার্থী হওয়ায় আদালত একজনের রিমান্ড নামঞ্জুর করে বাকি ১৫ জনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন আবু ইউসুফ, মো. ইব্রাহিম, মো. হাসান, আবু হুজাইফা, আকিফ ইবনে ইউনুস, মারুফ ওরফে গোফরান, ফরহাদ রেজা, জাহিদুল ইসলাম, মো. সাগর, সাজিদুর রহমান, মিজানুর রহমান, ফেরদৌস আহমেদ, নুর নবী, লোকমান হোসেন ও মিজানুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর জামায়াতের নগর শাখার নেতা-কর্মীরা আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ২০ থেকে ২৫ নেতা-কর্মী পুলিশের একটি গাড়ি সামনে পেয়ে হামলা চালান। ওই গাড়ির ভেতরে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা ছিলেন। তিনি গাড়ি থেকে বের হলে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে তিনি মাথায় আঘাত পান। তাঁর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আরও পড়ুন