৫ বছরের শিশুকে অপহরণের পর খুনের মামলায় খালুর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামে ২৪ বছর আগে ৫ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে খুনের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জামাল উদ্দিন। তিনি শিশুটির খালু। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩ চট্টগ্রামের বিচারক ফউজুল আজিম এই রায় দেন।

প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মোরশেদ। তিনি বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামি এক বছর আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ৩ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরীঘাটা এলাকায় ৫ বছর বয়সী শিশু মো. আজাদকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় শিশুটির মা বিলকিস আক্তার বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ১২ মে জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে বলা হয়, শিশুটির বাবা সৌদিপ্রবাসী। আসামি জামাল দুবাই যাওয়ার সময় শিশুটির বাবার কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে দেশে ফিরে এলে শিশুটির মা সেই টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে জামাল শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। আট সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।