সাংবাদিক শ্যামল দত্ত ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্টদের ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও তাঁর স্ত্রী সঞ্চিতা দত্ত, মেয়ে সুষমা শশী দত্ত এবং তাঁদের স্বার্থ–সংশ্লিষ্টদের নামে থাকা ১৮টি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে উপপরিচালক বায়োজিদুর রহমান খান ১৮টি ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শ্যামল দত্তের স্ত্রী, তাঁর মেয়ে এবং তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানের সময় এই অস্থাবর সম্পদ অর্জনের সপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। এই সম্পদ নানাভাবে হস্তান্তর বা স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা মানি লন্ডারিং আইনে অপরাধ।
আবেদনে আরও বলা হয়, অভিযোগ–সংশ্লিষ্ট শ্যামল দত্ত বা তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের নামে থাকা অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।