জকিগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের জকিগঞ্জ মানিকপুর ইউপির কলাকুটা বাংলাবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জকিগঞ্জ উপজেলা সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আবদুল মানিকের ছেলে মুক্তার হোসেন (২৪)। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজ শুক্রবার ভোরের দিকে ট্রাকসহ চালক ও চালকের সহকারীকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ইমন ও মুক্তার মানিকপুরের দেওয়ানচকের দিকে যাচ্ছিলেন। পথে মানিকপুরের বাংলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ লোকজনকে সান্ত্বনা দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় পুলিশ জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাকের সন্ধান করতে থাকে। একপর্যায়ে জকিগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকা দিয়ে যাওয়ার পথে পুলিশ  ট্রাকসহ এর চালক, সহকারীকে আটক করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ ‍উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।