সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন
সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। এমন বিধান রেখে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল তোলা হয়েছে।
আজ বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ সংসদে তোলেন। বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে সরকার এ–সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছিল। সেটি রহিত করে আইনে সংশোধন আনতে বিলটি তোলা হয়েছে।
বিলে বলা হয়েছে, কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেনের পরিমাণ (টার্নওভার), সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে ক্রয়কারী কর্তৃপক্ষ বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশেষ শর্ত আরোপ করতে পারবে।
বিলে আরও বলা হয়েছে, সরকার দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বৃদ্ধির লক্ষ্যে দেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার অথবা নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করতে পারবে।
দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নূতন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা বা নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিদের ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকার যোগ্যতার শর্তাদি শিথিল করতে পারবে বলেও বিলে উল্লেখ করা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোন বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই আইনের অধীন প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চাইলে বাধ্যতামূলকভাবে বাংলাদেশি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।
পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলেন, রাষ্ট্র ও জনস্বার্থে সরকারি তহবিলের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, বৈষম্যহীনতা, সমআচরণ, দক্ষতা, অবাধ প্রতিযোগিতা ও দেশীয় স্বার্থ নিশ্চিত করা অনস্বীকার্য। এ লক্ষ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনার আইনি কাঠামো হিসেবে সরকার ২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন করে। পরবর্তী সময়ে ২০২৬ সাল পর্যন্ত আইনটি মোট পাঁচবার সংশোধন করা হয়।
অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় বিদ্যমান সব বৈষম্য দূর করা এবং সবার জন্য প্রতিযোগিতামূলক অংশগ্রহণ ও সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গত ২১ সেপ্টেম্বর পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা ও জনমত যাচাইয়ের মাধ্যমে মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় পরিমার্জন, পুনর্গঠন করে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি দেশীয় শিল্পের অগ্রাধিকার রক্ষার মাধ্যমে রাষ্ট্র ও জনসাধারণের স্বার্থ আরও সুরক্ষিত হবে।