জাদুঘরে প্রবেশ শিক্ষার্থীদের জন্য যেদিন ফ্রি, চকলেট ও পানি দিয়ে বরণ
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে বিনা মূল্যে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পানি, চকলেট দিয়ে বরণ করে নিচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ। সঙ্গে দেওয়া হচ্ছে গাইড সুবিধা।
গত মঙ্গলবার জাদুঘর পরিদর্শনে এসেছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ৫০–এর বেশি শিক্ষার্থী ও শিক্ষকেরা। তাদের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখান গাইডরা।
মঙ্গলবার দিনটিকে ‘চিলড্রেন ডে’ ঘোষণা করে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। সেখানে তারা জানিয়েছে, শিশু-কিশোরদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে জাতীয় জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ উদ্দেশ্যে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘চিলড্রেন ডে’ উপলক্ষে প্রতি মঙ্গলবার বিনা মূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিন জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নিদর্শন দেখার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
এ জন্য দেশের সব সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধা পাবেন। পরিদর্শনের দিন প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।