ধর্ষণ ও নির্যাতনের মামলায় হিরো আলম গ্রেপ্তার
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে গাড়ি থামিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরো আলম বগুড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে বগুড়া থেকে তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যে খবর পেয়ে সদর থানা পুলিশ তাঁর গাড়ির পিছু নেয়। পরে তাঁকে ধাওয়া করে শাজাহানপুর থানা-পুলিশের সহযোগিতায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।