অগ্নিনিরাপত্তা জোরদারে বিপণিকেন্দ্রগুলোকে নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে আজ সভা অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ, ভূগর্ভস্থ জলাধার নির্মাণ, বৈদ্যুতিক ও ডিশ কেব্‌ল ব্যবস্থাপনাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম নগরের বিপণিকেন্দ্রগুলোকে। পাশাপাশি নগরের জলাশয় রক্ষা ও বৈদ্যুতিক সংযোগ আধুনিকায়নের বিষয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিপণিকেন্দ্র মালিক সমিতির সঙ্গে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফরিদসহ বিভিন্ন বিপণিকেন্দ্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় নগরের তামাকুন্ডি লেন, নূপুর মার্কেট, জহুর হকার মার্কেট, টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। এসব মার্কেটে যাতে বঙ্গবাজারের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ রেখে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

নির্দেশনার মধ্যে রয়েছে প্রতিটি দোকানের ফায়ার লাইসেন্সসহ অগ্নিনির্বাপণ যন্ত্র সংরক্ষণ করা ও ফায়ার হাইড্রেন্টের ব্যবহার, মার্কেটের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভূগর্ভস্থ জলাধার নির্মাণ, অগ্নিনির্বাপণ মহড়া করা, ফুটপাত, চলাচলের পথ অবমুক্ত রাখা ইত্যাদি।

বৈদ্যুতিক সংযোগের কেব্‌ল যুগোপযোগী করার জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এ ছাড়া নগরের জলাশয় দখলমুক্ত করার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। জানানো হয়, এসব নির্দেশনা অনুযায়ী মার্কেটগুলো ব্যবস্থা না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।