সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানফাইল ছবি

শ্রম অধিদপ্তরের দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম–দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও নিজে লাভবান হয়েছেন—এমন অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, অনিয়ম করে শ্রম অধিদপ্তরের উপপরিচালক থেকে পরিচালক পদে শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে মিজানুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়। একইভাবে উপমহাপরিদর্শক পদে জোবেদা খাতুনকে বাদ দিয়ে আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দেওয়া হয়।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান।

এদিকে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি, ঘুষ গ্রহণ, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও বিদেশে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হবে।