ভাইয়ের বিরুদ্ধে তুরিন আফরোজের করা মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরিন আফরোজ
ফাইল ছবি

ভাই শাহনেওয়াজ আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মামলাটি বাতিল চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে ২০২১ সালের ৩০ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় শাহনেওয়াজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর বৈধতা নিয়ে মামলাটি বাতিল চেয়ে চলতি মাসে হাইকোর্টে আবেদন করেন শাহনেওয়াজ। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মনযুর রাব্বি।

আইনজীবী মনযুর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘একই দিন (২০১৯ সালের ১৪ জুন) তুরিন আফরোজ এবং তাঁর ভাই শাহনেওয়াজ থানায় আলাদা জিডি করেন। তবে পুলিশ ভাইয়ের জিডি তদন্ত না করে বোনের জিডি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে, যা উদ্দেশ্যপ্রণোদিত। যে কারণে মামলাটি বাতিলযোগ্য। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে শাহনেওয়াজের ক্ষেত্রে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন। এর আগে আমলি আদালত তাঁর মা শামসুন্নাহার বেগমকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।’  

এই আইনজীবীর দেওয়া তথ্যমতে, ২০১৯ সালের ১৪ জুন জোর করে বাসভবনে প্রবেশ করতে চাওয়া এবং প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে জিডি করেন তুরিন আফরোজ। একই দিন বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে শাহনেওয়াজ আহমেদ তাঁর বোন তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি করেন। তদন্ত শেষে তুরিন আফরোজের করা জিডি ২০১৯ সালের ১৬ অক্টোবর নন এফআইআর মামলা হিসেবে গৃহীত হয়। সেদিন শাহনেওয়াজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তবে তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়নি।