ইউনিপে টু বাংলাদেশের পরিচালক তাহেরের আয়কর নথি জব্দের আদেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা এক মামলায় ইউনিপে টু বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহেরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।
নথি জব্দের আবেদনটি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তাপস ভট্টাচার্য।
আবেদনে বলা হয়, তাহের প্রতারণামূলক কার্যক্রমসহ এমএলএম ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। এভাবে তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি তাঁর স্ত্রীর নামে ঢাকার বনশ্রী এলাকায় দুটি ফ্ল্যাট কিনেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথি জব্দ করা দরকার।