এক যুগে প্রাথমিকে দুই লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
দেশে গত এক যুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ তথ্য আজ রোববার জাতীয় সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০০৯-২২ মেয়াদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক ও ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। একই সময়ে ২৬ হাজার ৩৫৩টি বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১ লাখ ৩১ হাজার ৭৬৫টি পদ সরকারীকরণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ একটি ও সহকারী শিক্ষকের পদ চারটি।
সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, রাজধানী ঢাকা শহরের ওপর চাপ কমাতে আশুলিয়া ও সাভারের আওতাধীন তুরাগ নদের তীরবর্তী এলাকায় ‘বন্যাপ্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ উন্নয়ন প্রকল্প’ গ্রহণের উদ্যোগ নিয়েছে রাজউক। এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর জলজট ও যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ওই প্রকল্পে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।