ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই
দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৪৯৯ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। তাঁদের মধ্যে ৮৭৩ জনই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ বিকেলে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। এ সময়ে রোগটিতে মারা গেছেন ৪৯৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে রোগীর সংখ্যা ৬৬ হাজার ৭৬০। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৮৫০, খুলনা বিভাগে ২৩ হাজার ৮৪১ এবং বরিশাল বিভাগে ১৯ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগরের হাসপাতালগুলোতেই গত ২৪ ঘণ্টায় ৪০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩–এ। এ সময়ে মহানগরে ডেঙ্গুতে মারা গেছেন ২১৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মৌসুমি অভিযান যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং বাড়ি ও আশপাশের জায়গায় মশার বংশবিস্তার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।