চট্টগ্রামে জুলাইয়ের এক দিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

টানা বর্ষণে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয় চট্টগ্রাম নগরবাসীকেছবি: জুয়েল শীল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে ৩৪৪ মিলিমিটার এবং সীতাকুণ্ডে ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৪৩ বছর পর চট্টগ্রামে জুলাই মাসে এত বৃষ্টিপাত হলো।

আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ১৯৮৩ সালের জুলাই মাসে চট্টগ্রামে ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপর আজই চট্টগ্রামে জুলাই মাসে এত বৃষ্টি হলো।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ১৪৩ মিলিমিটার ও পটুয়াখালীর খেপুপাড়ায়, ১০৬ মিলিমিটার।

এ ছাড়া ফেনীতে ৯১ মিলিমিটার, কক্সবাজারে ৭৮ মিলিমিটার, কক্সবাজারের টেকনাফে ৯৪ মিলিমিটার, পটুয়াখালীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আজ। আর ঢাকায় আজ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ সারা দেশে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। চট্টগ্রামেও এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় আছে। উত্তর বঙ্গোপসাগর প্রবল অবস্থায় রয়েছে।