ডিএমপি কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন অতিরিক্ত কমিশনার সরওয়ার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। আজ বৃহস্পতিবার নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা যোগ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে থাকবেন।
গত বছরের ৭ জানুয়ারি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরপর তাঁকে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান করা হয়। গত ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান তিনি।
আজ রাতে যোগাযোগ করা হলে মো. সরওয়ার প্রথম আলোকে বলেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল শুক্রবার তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। নতুন ডিএমপি কমিশনারের নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করবেন।
২৫ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দেন। সাজ্জাত আলী প্রথম আলোকে জানিয়েছিলেন, তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে পদত্যাগ করছেন বলে পত্রে উল্লেখ করেন।
২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাত আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এর আগে গত মঙ্গলবার আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়েছে। ওই দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।