চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমস্যা অন্য শহরগুলোর চেয়ে আলাদা। এবার যখন পূর্ণিমার জোয়ারের সঙ্গে ভারী বর্ষণ যুক্ত হয়েছে, তখন জোয়ারের পানি খালের ভেতরে ঢুকছে। কিন্তু বৃষ্টির পানি খাল থেকে বের হতে পারছে না।
এবারের জলাবদ্ধতা ভয়াবহ হওয়ার দুটি কারণ, একটি হচ্ছে খালগুলো পরিষ্কার না। আরেকটি কারণ হচ্ছে নদী ও সাগরে জোয়ারের উচ্চতা ছিল বেশি। তাই খালের পানি নামতে পারেনি। উল্টো পানি ঢুকে গেছে।
জলাবদ্ধতা প্রকল্পগুলোর আওতায় যদি জলকপাটগুলো (স্লুইসগেট) চালু করা হতো, তাহলে জোয়ারের পানি ঠেকানো যেত। আবার খালগুলোও ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। নানা প্রতিবন্ধকতা রয়েছে।
সিডিএ ও সিটি করপোরেশনের ধাক্কাধাক্কিতে রক্ষণাবেক্ষণের কাজও হয়নি। আবার গৃহস্থালি বর্জ্য ফেলা হয়েছে খালে। সব মিলিয়ে পানি নামতে পারেনি।
জলাবদ্ধতার প্রকল্পের আওতায় জলকপাটগুলো কার্যকর করা হয়নি। খালগুলো পরিষ্কার করা হয়নি এবং এগুলোর মধ্যে প্রতিবন্ধকতা রয়ে গেছে। অতিরিক্ত পানি জমা রাখার জন্য কোনো জলাধার তৈরি করা হয়নি। জোয়ারের সময় জলকপাটগুলো বন্ধ করে খাল থেকে পানিনিষ্কাশনের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করা হয়নি।
জলাবদ্ধতা প্রকল্পগুলোর যে কাজ হয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণের দৃশ্যমান কোনো প্রক্রিয়া দেখা যায়নি। ফলে শেষ পর্যন্ত কোনো কাজের ফলাফলই জনগণই পাচ্ছে না। জনগণের অর্থ ব্যয় হচ্ছে। জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। জনগণের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।
তিন দিন ধরে একটি শহর ডুবে আছে। সবকিছু দেখে মনে হচ্ছে, এই নগরের কোনো অভিভাবক নেই। মানুষগুলো যে পরিমাণ কষ্টে ও দুঃখে আছে, তা নিয়ে কারও মধ্যে কোনো আতঙ্ক বা উদ্বেগ নেই। চট্টগ্রামবাসী একেবারে এতিম ও অসহায়। মনে হয় কোনো এক বিধ্বস্ত নগর।
তাই জলাবদ্ধতা নিয়ে এই বছর আর আশা–ভরসা নেই। সংস্থাগুলো শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, আগামীবার জলাবদ্ধতা নিরসন হবে। আমরাও স্বপ্ন দেখে দেখে বাঁচব। আবার বর্ষা আসবে। আবার ডুবব।
দেলোয়ার মজুমদার, সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম কেন্দ্র, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)