দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত পৌনে আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইটটি।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। তারা জানায়, শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারাও বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।
বাসস জানায়, গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেন তিনি।
দালিয়ান থেকে বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে (বুলেট ট্রেন) বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এ ছাড়া বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন।
শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুন মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান।