শুনানি ছাড়া জ্বালানি তেলের দাম নির্ধারণ করা যায় কি: প্রশ্ন হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

গণশুনানি ছাড়া জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা যায় কি না, এমন প্রশ্ন রেখেছেন হাইকোর্ট। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে করা একটি রিটের শুনানিতে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের উদ্দেশে ওই প্রশ্ন রাখেন।

আদালতের প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিধি অনুমোদিত হয়নি। যে কারণে আইনের বিধান অনুসারে কমিশনের এখানে গণশুনানির সুযোগ নেই। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত। অতীতেও একইভাবে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

জ্বালানির (ডিজেল, পেট্রল ও অকটেন) দাম পুনর্নির্ধারণ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ৫ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়। ‘জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির’ ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ৮ আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। আদালতে তিনি নিজেই শুনানি করেন।

শুনানির শুরুতে রিট আবেদনকারীর উদ্দেশে আদালত বলেন, আইনের কোথায় লঙ্ঘন হয়েছে? তখন ইউনুছ আলী আকন্দ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইনের বিধান লঙ্ঘিত হয়েছে। আইনে আছে গণশুনানি করতে হবে, মূল্য নির্ধারণ করবে বিইআরসি। দাম নির্ধারণের ক্ষেত্রে গণশুনানি হয়নি। দাম নির্ধারণ করেছে সরকার।

গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়ামের দাম নির্ধারণ নিয়ে ক্যাবের পক্ষে একাধিক রিট করেছেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। তিনি আদালতে উপস্থিত ছিলেন। একপর্যায়ে তাঁর বক্তব্য শুনতে চান আদালত। জ্যোর্তিময় বড়ুয়া বলেন, গণশুনানি ছাড়া দাম নির্ধারণের সুযোগ নেই। এখানে মন্ত্রণালয়ের দাম নির্ধারণ করার এখতিয়ার নেই। এ দাম নির্ধারণে বিইআরসির ক্ষমতা খর্ব করেছে। শুনানি নিয়ে আদালত মঙ্গলবার বেলা দুইটায় শুনানির পরবর্তী দিন রেখেছেন।