ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

মতিউর রহমানছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে আদেশের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীরের আদালতে এই অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় আদেশের জন্য আগামী ৩ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

মীর আহমেদ আলী সালাম বলেন, আজ মতিউর রহমানকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হলেও আদালতে তোলা হয়নি।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে মতিউর ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি সরকারি চাকরিতে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। পরে মতিউরের বিরুদ্ধে দায়ের করা মামলাটিতে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

২০২৪ সালে কোরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের একটি ছাগল কেনার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই মূলত মতিউর রহমানের অবৈধ সম্পদের বিষয়টি সামনে আসে।