নতুন জুয়া প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে

দুই আসামি মো. আমিনুর ইসলাম (বাঁয়ে) ও মো. সাকিব হোসেনছবি: কোলাজ

অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের পেমেন্ট গেটওয়ে পরিচালনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। দুই আসামি হলেন মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেন (২৮)। তাঁদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’–এর অধীনে মামলা করা হয়। আজ সোমবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর রমনা থানায় মামলাটি হয় ১২ জুলাই। মামলা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবির এসআই জাকির হোসেন। তিনি গতকাল আসামিদের আদালতে হাজির করেন। প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন তিনি।

শুনানি শেষে আদালত আসামি আমিনুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর সাকিবের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আসামিপক্ষের আইনজীবী রাকিবুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ১১ জুলাই রাজধানীর দোলাইরপাড় এলাকা থেকে আমিনুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গুলশান এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়।