ক্ষমতার বিন্যাস পরিবর্তন করা না গেলে আইন পরিবর্তন করে কিছুই হবে না: অধ্যাপক মুশতাক হুসাইন খান

ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক হুসাইন খান ‘জুলাই রেভল্যুশন অ্যান্ড বাংলাদেশ ২.০: দ্য লিগ্যাসি অব প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। জাতীয় নাগরিক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা, ২০ ফেব্রুয়ারিছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার বিন্যাসটা যদি পরিবর্তন করা না যায়, তাহলে আইনকানুন পরিবর্তন করে কিছুই হবে না। যাদের হাতে ক্ষমতা, অবৈধ টাকা, সিন্ডিকেট আছে, তাদের একটা বার্তা দিতে হবে যে তাদের দিন শেষ হয়ে গেছে। তারপর নির্বাচন করে নতুন নেটওয়ার্ক তৈরি করতে হবে। দেশে ভালো রাজনীতিক দরকার, একই সঙ্গে নতুন সামাজিক নেটওয়ার্কও দরকার।

ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক হুসাইন খান ‘জুলাই রেভল্যুশন অ্যান্ড বাংলাদেশ ২.০: দ্য লিগ্যাসি অব প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রন্ট’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় টিম এই অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণ-অভ্যুত্থানের সঠিক ইতিহাস লেখার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথি বক্তা মুশতাক হুসাইন খান। এই অভ্যুত্থানের বয়ান একাত্তরের মতো যাতে কেউ কবজা করতে না পারে, সেদিকে গুরুত্বারোপ করে তিনি বলেন, এটা হতে হবে সবার ইতিহাস। পাশাপাশি তিনি বলেন, বিগত সরকারের সময় নষ্ট করে ফেলা সমাজকে পুনর্গঠন করতে হবে। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আসন্ন নতুন রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চার ওপর জোর দিয়ে তিনি বলেন, যারা নতুন বাংলাদেশ চায়, তাদের নিয়ে নতুন রকমের নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই নেটওয়ার্কে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও শিল্পপতিরা থাকবেন। কারণ, এখন যে নেটওয়ার্কগুলো আছে, সেগুলো খারাপ নেটওয়ার্ক বা সিন্ডিকেট। সমাজ যখন সোচ্চার হবে, তখনই রাজনীতি ঠিক হবে।

অধ্যাপক মুশতাক হুসাইন খান বলেন, আমাদের ভালো রাজনীতিক দরকার, একই সঙ্গে নতুন সামাজিক নেটওয়ার্কও দরকার। নেটওয়ার্ক থাকলে কর্মস্থল, হাসপাতাল বা শিক্ষাস্থানে অযৌক্তিক কিছু হলে আমরা আওয়াজ তুলতে পারব, তাতে রাজনীতিবিদরাও লাইনে আসবে। তিনি বলেন, নির্বাচনে লড়ার জন্য টাকা দরকার। খালি নির্বাচনটা দিয়ে দিলে এই নির্বাচনে টাকাটা আসবে সেই সিন্ডিকেট ও চোরদের কাছ থেকে। ওই টাকা নিয়ে নির্বাচনে যে-ই জিতবে, তারা আর সেই সিন্ডিকেট ও চোরদের বিরুদ্ধে যেতে পারবে না। এটা রোধ করতে নির্বাচনের আগে সবাইকে নিয়ে কিছু কাজ করতে হবে।

মুশতাক হুসাইন বলেন, সংস্কারের দুটি দিক আছে। একটা হচ্ছে আইনকানুন পরিবর্তন করা, আরেকটি হচ্ছে ক্ষমতার বিন্যাস পরিবর্তন করা। আইনকানুন পরিবর্তনে দীর্ঘ সময় লাগে; কিন্তু ক্ষমতার বিন্যাসটা যদি পরিবর্তন করা না যায়, তাহলে আইনকানুন পরিবর্তন করে কিচ্ছু হবে না। তিনি আরও বলেন, ‘যাদের হাতে ক্ষমতা আছে, অবৈধ টাকা আছে, সিন্ডিকেট যাদের হাতে, তাদের একটা বার্তা দিতে হবে যে আপনাদের দিন শেষ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘নির্বাচন করে আমাদের নতুন নেটওয়ার্ক তৈরি করতে হবে। শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাধারণ নাগরিক বা গণমাধ্যম—সবাইকেই বিকল্প নেটওয়ার্ক করতে হবে। যাতে আমরা আমাদের ভালো নেটওয়ার্ক দিয়ে রাজনীতিকদের ওপর চাপ দিতে পারি; আর যারা খারাপ নেটওয়ার্ক, তাদের চাপ ও প্রতিযোগিতার মধ্যে রাখতে পারি। এটা ৫০ বছরের কাজ; কিন্তু এই মুহূর্তের কাজ হচ্ছে, আমাদের কয়েকটা বড় বড় সাপের মাথা কাটতে হবে।’

অনুষ্ঠানের আরেক অতিথি বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের মালিক হতে গিয়ে কেউ কেউ বিভেদের রাজনীতি সামনে আনছে।  ফ্যাসিবাদের পতনের পর স্থানীয় পর্যায়ে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে কেউ কেউ গায়েবি আওয়াজ তুলে একধরনের বিশৃঙ্খলা ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে। ফলে বিভক্তি সৃষ্টি হচ্ছে। এই বিভক্তি নিশ্চিতভাবেই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত করে দিতে পারে।

‘জুলাই রেভল্যুশন অ্যান্ড বাংলাদেশ ২.০: দ্য লিগ্যাসি অব প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। ঢাকা, ২০ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ

অধ্যাপক তানজীম বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের একটি অংশের সংগঠন শিক্ষক নেটওয়ার্কের সদস্য। শিক্ষক নেটওয়ার্ক জুলাই আন্দোলনের আন্তর্জাতিকীকরণ এবং এই আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি তৈরি করার জন্য কাজ করেছে বলে জানান তিনি। এ–সংক্রান্ত ঘটনা তুলে ধরে এই অধ্যাপক বলেন, ‘এগুলো বলতে হচ্ছে কারণ এই আন্দোলনে একচ্ছত্র মালিকানা সৃষ্টি করতে গিয়ে কেউ কেউ সবার কৃতিত্বকে ম্লান করে একটা বিভাজিত আন্দোলন সামনে নিয়ে আসছে। এগুলো থেকে বের হতে গেলে এই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করাটা বড় কাজ।’

জাতীয় নাগরিক কমিটিকে পরামর্শ দিয়ে তানজীমউদ্দিন খান বলেন, ‘আমরা যেন সনাতনী রাজনীতির ঘেরাটোপের মধ্যে পড়ে না যাই, সে জন্য কিছু পরিবর্তন জরুরি। দলীয়ভাবে গণতন্ত্রের চর্চাটা নিশ্চিত করতে হবে। নির্বাচনী ব্যবস্থার জন্য নির্বাচনী ব্যয়ের দায়ভারটা রাষ্ট্র যাতে নিজেই নেয়, সেই প্রস্তাব দেওয়া যেতে পারে। ওই অর্থের বাইরে একটা পয়সাও কেউ খরচ করতে পারবে না। এটা করা গেলে আমরা কালো অর্থের চাপায় পিষ্ট হব না।’

‘বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া আ.লীগের সামনে অপশন নেই’

বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন (বিকল্প) নেই বলে অনুষ্ঠানে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের পাশাপাশি তাদের দোসর-সহযোগী জাতীয় পার্টি, কিছু বামপন্থী দল—যারা ঐক্যবদ্ধভাবে জনগণের বিরুদ্ধে কাজ করেছিল, আমরা এখন পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করছি।’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘জুলাই রেভল্যুশন অ্যান্ড বাংলাদেশ ২.০: দ্য লিগ্যাসি অব প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন
ছবি: তানভীর আহাম্মেদ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢোকার জন্য বর্তমান সংবিধানকে ‘সবচেয়ে বড় প্রতিবন্ধকতা’ হিসেবে উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, এটি থেকে বের হওয়ার জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।...সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে গণপরিষদ নির্বাচনও হতে পারে। সংসদ দৈনন্দিন কার্যাবলি পরিচালনা করবে আর গণপরিষদ জনগণের সঙ্গে সংযোগ তৈরি করে একটি সংবিধান প্রণয়ন করবে। এই প্রক্রিয়ায় না যেতে পারলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই।

জনগণের ওপর গুলি না চালানো এবং এখনো ধৈর্য ধরায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সেনাবাহিনীকে বলব, নিজেদের সংস্কার প্রক্রিয়াগুলো জারি রাখুন। জনগণের সঙ্গে থাকুন। এর যদি কোনো ব্যত্যয় ঘটে, দেশের মানুষ আবার ৪ আগস্টে ফিরে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে আমরা ৪ আগস্টে ফিরে যাব।’

ক্ষমা চাইলেন সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের তিনটা অধ্যায় ছিল। ১ জুলাই থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হল ছাড়তে বাধ্য করা পর্যন্ত একটা অধ্যায়। এরপর আমরা যেটা কল্পনা করিনি— আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনেরা ১৮ জুলাই থেকে আমাদের ডিবি কার্যালয় থেকে বের হওয়ার আগ পর্যন্ত সময়টা একটা অধ্যায়। আর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফার ঘোষণা থেকে ৫ আগস্ট ছিল গণমানুষের অধ্যায়।’ তিনি বলেন, প্রথম অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়। দ্বিতীয় অধ্যায়ে নেতৃত্ব দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনেরা। আর তৃতীয় অধ্যায়ের নেতৃত্বে ছিল বাংলাদেশের গণমানুষ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লড়াইকে সঠিকভাবে উপস্থাপনে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন সারজিস। শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের গল্পগুলো তুলে ধরুন। আপনাদের কাছে থাকা রিসোর্সগুলো ডকুমেন্ট করে সামনে নিয়ে আসুন। যাঁদের লেখার হাত ভালো, তাঁরা বই লিখুন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখুন। যাদের আইটি স্কিল (তথ্যপ্রযুক্তির দক্ষতা) ভালো, তাঁরা একটা ডকুমেন্টারি তৈরি করুন।  

অভ্যুত্থানের মধ্য দিয়ে নারীদের রাজনৈতিক উত্তরণের পরেও রাজনৈতিক পরিবেশে নারীদের সেভাবে দেখা যাচ্ছে না বলে উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের নকশা ঠিক করার কথাও বলেন তিনি।

এই আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি শাখার সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী বনি আমিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির মুনিম মুবাশ্বিরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।  

আয়াতুল্লাহ বেহেশতী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি সিন্ডিকেট করা হচ্ছে। ১৮ জুলাইকে ফ্যাসিবাদ প্রতিরোধ হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। অন্য বক্তাদের অনেকেই অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। কুয়েট ও এমসি কলেজে হামলা-মারধরের ঘটনার নিন্দাও জানান তাঁদের কেউ কেউ।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. মেসবাহ কামাল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লোগো না দেখানো নিয়ে অনুষ্ঠানে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। অবশ্য কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়।