শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার দোহা যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন।
সেহেলি সাবরিন বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ওই সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এটি স্বল্পোন্নত সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান মহাপরিচালক সেহেলি সাবরিন।
বাংলাদেশ ২০২১–এর নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় বলে তিনি জানান।
বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, প্রতি ১০ বছর পরপর স্বল্পোন্নত দেশগুলো–সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন হয়। এর আগের সম্মেলন হয়েছিল ২০১১ সালে।
এই সম্মেলনে ২০২২-৩১ পর্যন্ত একটি প্ল্যান অব অ্যাকশন গ্রহণ করা হবে এবং ১০ বছর পর আবার এ সম্মেলন হবে বলে ফরিদা ইয়াসমিন জানান।
ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি এবং আমাদের মসৃণ ও টেকসই উত্তরণের জন্য কোভিডসহ অন্য যে চ্যালেঞ্জগুলোর বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, সেগুলোর বিষয় আমাদের বক্তব্যে উল্লেখ থাকবে।’