জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘমেয়াদি বিচার বিভাগীয় পরিকল্পনা তৈরির জন্য সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বুধবার সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে
ছবি: সংগৃহীত

বিচারপ্রার্থীদের জন্য সহজলভ্য ও আধুনিক বিচারব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘দীর্ঘমেয়াদি বিচার বিভাগীয় পরিকল্পনা’ তৈরির জন্য সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি–সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা হয়।

বিচার বিভাগ থেকে দুর্নীতি নির্মূল করা, আদালতের কার্যক্রম তথা বিচারব্যবস্থা গতিশীল করা, বিচারকাজের মানবৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণামূলক পদক্ষেপ নেওয়াসহ পাঁচটি দিক সামনে রেখে ওই মতবিনিময় সভা করা হয় বলে জানা গেছে।

সভায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচারব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। কিন্তু এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন এবং এসব সমস্যা নিরসনের জন্য কার্যকর পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। এ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেগুলো চিহ্নিত করা হবে।

মতবিনিময়ে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন; জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম; জ্যেষ্ঠ আইনজীবী মঈনুল হোসেন; সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল; বর্তমান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন; সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন; সমিতির বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির; অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী; সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ মেহেদী ও সমিতির বর্তমান সম্পাদক মো. আবদুন নূর অংশ নেন।

উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আপনারা সবাই আমাদের আপনাদের সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন। মতামত ও প্রস্তাবগুলো দুভাবে আমাদের কাছে পাঠানো যাবে। প্রথমত, এখানে উপস্থিত যাঁরা কোনো প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছেন, তাঁরা প্রাতিষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের লিখিত প্রস্তাব পাঠাতে পারবেন। দ্বিতীয়ত, যাঁরা এখানে ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করেছেন, তাঁরা তাঁদের নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাবেন বলে অনুরোধ জানাচ্ছি।’

এভাবে সব অংশীজনের কাছ থেকে একেক করে মতামত ও প্রস্তাব সংগ্রহ করা হবে উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, পরে এসব মতামত ও প্রস্তাব কয়েকটি ধাপে আলোচনা, বিশ্লেষণ ও গবেষণা করে একটি চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে।