ফ্রান্স সরকারের ‘নাইটহুড’ পেলেন ঢাবির সাবেক অধ্যাপক মোস্তাফিজুর রহমান
গুরুত্বপূর্ণ গবেষণা এবং ফ্রান্সের সঙ্গে দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক সম্পর্কের স্বীকৃতি হিসেবে ফ্রান্স সরকারের ‘নাইটহুড অব দ্য অর্ডার অব মেরিট’ পেয়েছেন অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এটি ফ্রান্স সরকারের দেওয়া রাষ্ট্রীয় পদকগুলোর অন্যতম।
গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই তাঁর গুলশানের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে এ পদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফরাসি দূতাবাসের কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফয়েজ, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এ সম্মাননা শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষক। তিনি জৈবিক উপায়ে ফসল উৎপাদন বৃদ্ধি নিয়ে গবেষণা করেছেন। ফ্রান্সের রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) সঙ্গে গবেষণা কাজ করেছেন তিনি।
পদকপ্রাপ্তির বিষয়ে মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফরাসি দূতাবাসের সহায়তা সিএনআরএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ৪০ বছর ধরে এ কাজ চলে আসছে। ফ্রান্স–বাংলাদেশের মধ্যে যৌথভাবে করা এটি সবচেয়ে দীর্ঘ সময়ের কাজ। আমাদের লক্ষ্য জৈবিক উপায়ে ফসল উৎপাদন বাড়ানো। এ জন্য মাটি থেকে কিছু নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া চিহ্নিত করেছি আমরা। এ কাজের মূল উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।’