জোর প্রস্তুতির কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের পাশে ছিটানো হচ্ছে মশার ওষুধ। গতকাল মঙ্গলবার মিরপুরের রূপনগর আবাসিক এলাকায়
ছবি: প্রথম আলো

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জোরেশোরেই মশকনিধন কর্মসূচি চালানোর কথা বলে আসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচার। পাশাপাশি নিরবচ্ছিন্নভাবে মশকনিধন চালিয়ে যেতে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করেছে সংস্থাটি।

এতকিছুর পরেও মশার ওষুধ ছিটানোর আওতার বাইরে থেকে যাচ্ছে অনেক এলাকা। গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটির ৭ নম্বর ওয়ার্ডে গিয়ে ওষুধ ছিটানো কার্যক্রমের এমন চিত্র দেখা গেছে। সূচি অনুযায়ী গতকাল ওই ওয়ার্ডের আওতাধীন রূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর থেকে ৩৯ নম্বর সড়ক পর্যন্ত মোট ৩২টি সড়ক এলাকায় মশার ওষুধ ছিটানোর কথা।

সকালে ও বিকেলে (মশার লার্ভা নিধনে লার্ভিসাইডিং ও উড়ন্ত মশা নিধনে ফগিং) ওষুধ ছিটানোর কথা ছিল। কিন্তু গতকাল দিনের ওই দুই বেলায় দুই দফায় ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মশকনিধনের কর্মীরা সকালে ১৭টি সড়ক এলাকায় ওষুধ দেননি যা সংখ্যায় অর্ধেকের বেশি। আর বিকেলে দেওয়া হয়নি ২১টি সড়ক এলাকায়।

ওই ওয়ার্ডে মশার ওষুধ ছিটানোর দায়িত্বে থাকা কর্মী, রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ও বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে ওষুধ ছিটানোর কাজ না হওয়ার বিষয়টি জানা গেছে। ওই ওয়ার্ডে মশকনিধনের কর্মী আছেন ১৭ জন।

ওষুধ ছিটাতে না পারা বিষয়ে মশকনিধনে নিয়োজিত কর্মীরা জানান, তাঁদের একজন কর্মী ছুটিতে আছেন। অন্য একজন প্রায় এক মাস ধরে অসুস্থ। এ কারণে ওই দুজনের কাজ অন্যদের করতে হয়। সেটা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ১৭ জন কর্মী দিয়ে সব কটি সড়কে যাওয়া সম্ভবও হয় না; ওষুধও শেষ হয়ে যায়।

মশকনিধনের কর্মীরা আরও বলেন, তাঁদের ফগার মেশিন (উড়ন্ত মশা মারতে ধোঁয়া ছিটানোর যন্ত্র) মাত্র ১০টি। এর মধ্যে দুটি নষ্ট। একটি যন্ত্র দিয়ে সর্বোচ্চ একটি সড়কে ওষুধ ছিটানো যায়।

সরেজমিনে যা দেখা গেল

সিটি করপোরেশনের ওয়েবসাইটে সকালের লার্ভিসাইডিংয়ের সময় দেওয়া আছে সকাল ৮টা থেকে বেলা ১১টা। সূচি অনুযায়ী সকাল নয়টার দিকে প্রথমে রূপনগর আবাসিক এলাকার ৮ নম্বর সড়কে গিয়ে কোনো মশকনিধনের কর্মীকে ওষুধ ছিটাতে দেখা যায়নি। সড়কটিতে বকুল মিয়া, দিলকুল ইসলাম, ইকবাল হোসেন ও আসলাম আলী নামের চারজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের কেউ সিটি করপোরেশনের মশকনিধনে নিয়োজিত কর্মীদের ওষুধ ছিটাতে দেখেননি বলে প্রথম আলোকে জানান।

পর্যায়ক্রমে সকাল ১০টা পর্যন্ত ওই আবাসিক এলাকার ৯ থেকে ২৯ নম্বর সড়ক এলাকায় গিয়েও কোনো মশকনিধনের কর্মীকে দেখা যায়নি। পরে ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মনিরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রথম আলোকে জানান, সকাল ১০টার মধ্যে কর্মীরা কাজ শেষ করে হাজিরা দিয়ে বাসায় চলে গেছেন। সকাল ছয়টা থেকে তাঁরা কাজ শুরু করেন।

পরবর্তী সময়ে রূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর সড়ক থেকে ৩৯ নম্বর সড়ক পর্যন্ত ৩২টি সড়কের বাসিন্দা ও নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭-৯, ১৩-১৫, ২০-২১, ২৬-২৮, ২৯-৩১ এবং ৩৪-৩৬ নম্বর সড়ক- মোট ১৭টি সড়কে মশার ওষুধ ছিটানো হয়নি। বিকেলে ফগিং কার্যক্রম দেখতে গিয়ে মশকনিধনের কর্মীদের সঙ্গে কথা হলে তাঁদের অনেকেই এসব সড়কে ওষুধ ছিটাতে না পারার বিষয়টি স্বীকার করেন।

এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে রূপনগর আবাসিক এলাকার ২০ নম্বর সড়কে কাউন্সিলর কার্যালয়ের পাশে যেখানে মশার ওষুধ রাখা হয়, সেখানে গিয়ে দেখা যায়, মশকনিধনের কর্মীরা তখনো যন্ত্র পরিষ্কার, যন্ত্রে ওষুধ ভরা—এসব কাজে ব্যস্ত। এর প্রায় আধঘণ্টা পরে তাঁরা বিভিন্ন সড়কে ফগিং করতে বেরিয়ে যান।

বিকেলে সচল আটটি ফগারযন্ত্রের বিপরীতে মশকনিধনের ১০ জন কর্মীকে কাজে যেতে দেখা গেছে। সুপারভাইজার মো. মনিরুজ্জামান বিকেলে অনুপস্থিত ছিলেন।

বিকেলে নির্ধারিত ৩২টি সড়কের বিপরীতে মাত্র ১১টি সড়কে ফগিং করেছেন মশকনিধনের কর্মীরা। সড়কগুলো হচ্ছে—১৩, ১৪, ২০, ২১, ২২, ২৩, ২৪, ৩০, ৩১, ৩২ ও ৩৩ নম্বর সড়ক।

এসব বিষয়ে ঢাকা উত্তর সিটির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও মশকনিধন সুপারভাইজারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।