‘বিদ্যুৎ খাতের অরাজকতার কথা বললে সরকারের গায়ে লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান
ছবি: সংগৃহীত

বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা সরকারের কাছে রাখার বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল জাতীয় সংদে পাস হয়েছে। এই বিল পাসের প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি এই আইনটিকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ আনেন। এ ছাড়া তিনি বলেন, বিদ্যুৎ খাতের অরজাকতা আর লুটপাট নিয়ে কথা বললে সরকারের গায়ে লাগে।

আজ রোববার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি সংসদে তোলেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে এটি কণ্ঠভোটে পাস হয়।

বিলটি পাসের আগে বিরোধী দলের একাধিক সংসদ সদস্য এই বিল এবং বিদ্যুৎ খাতের সমালোচনা করেন। বিলটি নিয়ে জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব দেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। এই আইনকে কালো আইন উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ খাতে দুরবস্থার কারণ লুটপাট আর দুর্নীতি। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে।

মোকাব্বির খান বলেন, বিদ্যুৎ খাতের অরজাকতা আর লুটপাট নিয়ে কথা বললে সরকারের গায়ে লাগে। সেদিন (১১ জানুয়ারি) বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে কথা বলায় অনেকটা হুমকি দিয়ে বলা হয়েছে, তাঁর বিদ্যুৎ বন্ধ করে দিলে কী হবে। এই ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, তিনি তা করতে পারেন।

গণফোরামের এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের (১১ জানুয়ারি) পর তাঁর নির্বাচনী এলাকার জনগণ মনে করছেন, তাঁদের এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হতে পারে, এ কারণে তাঁকে কম কথা বলার অনুরোধ করেছেন। এ জন্য তিনি বেশি কিছু বলতে চান না।

উল্লেখ্য, কুইক রেন্টাল (ভাড়াভিত্তিক) বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতি হয়েছে, এমন সমালোচনার জবাবে ১১ জানুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আওয়ামী লীগ সরকার এসে যতগুলো বিদ্যুৎকেন্দ্র করেছে, সেই সবগুলো যদি বন্ধ করে দিই, কী অবস্থা হবে আপনাদের? বলেন?’

সংসদে মোকাব্বির খান বলেন, অর্থনৈতিক মন্দার কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ দিশেহারা। সামনে রমজান। এর আগে আবার বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষের কষ্ট বেড়ে যাবে।

মোকাব্বির খানের জনমত যাচাইয়ের প্রস্তাবটি গ্রহণ করেননি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে বিলের ওপর সংশোধনী দিয়ে মোকাব্বির খান বলেন, বিদ্যুৎ–গ্যাসের দাম বাড়লে সবকিছুর ওপর এর প্রভাব পড়ে। কিন্তু এতে সরকারের কিছু যায় আসে না। গণতান্ত্রিক সরকার আর ইনডেমনিটি (দায় মুক্তি), কালো আইন একসঙ্গে যায় না। মানুষের ওপর আস্থা হারালে সরকার কালো আইন করে। তিনি প্রশ্ন রাখেন, সরকার কি জনগণের আস্থা হারিয়ে ব্যবসায়ীদের স্বার্থে এই আইন করছে? এই আইনের একমাত্র উদ্দেশ্য বিদ্যুতের দাম বাড়ানো।

গণফোরামের এই সংসদ সদস্য বলেন, তাঁর জনমত যাচাইয়ের প্রস্তাব বিদ্যুৎ প্রতিমন্ত্রী গ্রহণ করেননি। তিনি জানেন, বিলটি পাস হয়ে যাবে। এই বিলটি জনস্বার্থবিরোধী। তাই তিনি নিজের সংশোধনী প্রস্তাব প্রত্যাহার করে নিচ্ছেন এবং জনস্বার্থে এই বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করছেন।

বিলের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, পানির ট্যাংকের নিচে ফুটো থাকলে কখনোই তা ভরাট করা যাবে না। যত দিন পর্যন্ত রেন্টাল, কুইক রেন্টাল থাকবে, তত দিন এখানে লস থাকবে। তিনি দাবি করেন, বিদ্যুতে সাবসিডির (ভর্তুকি) নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই টাকা দিয়ে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের পেমেন্ট (বিদ্যুতের মূল্য পরিশোধ) দেওয়া হয়।

জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান বলেন, ঢাকায় দিনের বেলা গ্যাস থাকে না। সকাল থেকে তিনটা–চারটা পর্যন্ত গ্যাস থাকে না। গ্রামের অবস্থা আরও খারাপ। এ বিষয়ে ব্যবস্থা নিলে ভালো হয়।

বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুতে যে সাবসিডি, সেটা মূলত জনগণের প্রতি ইনভেস্টমেন্ট (বিনিয়োগ)। কুইক রেন্টাল ছিল স্বল্পমেয়াদি ব্যবস্থা। ক্যাপাসিটি চার্জ দেওয়ার বিষয়টি বোঝাতে গিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন, ১০ বছরের জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হলে সেখানে থাকুন বা না থাকুন ভাড়া পরিশোধ করতে হবে। এমন বলা যাবে না, যে কদিন থাকবেন, সে কদিনের ভাড়া দেবেন। তিনি বলেন, জাতীয় পার্টির সময় বিদ্যুতের সিস্টেম লস (ব্যবস্থাপনাগত ও কারিগরি অপচয়) ছিল ৪৪ শতাংশ। তার অর্ধেকই চুরি হতো। এখন সিস্টেম লস ৬-৭ শতাংশ।

পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। অবশ্য এই বিলটি পাসের আগেই গত ডিসেম্বরে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সরকার বিদ্যুৎ–গ্যাসের দাম সন্বয়ের ক্ষমতা নিজের কাছে নিয়েছিল। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করতে হয়। সে অনুযায়ী ৫ জানুয়ারি অধ্যাদেশটি সংসদে তোলা হয়। এখন এটি বিল আকারে সংসদে পাস হলো।

এত দিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করত। এখন দাম বাড়ানো বা কমানোর জন্য শুনানির দরকার হবে না। সরকার প্রয়োজন মনে করলে দাম সমন্বয় করতে পারবে।