সততার সঙ্গে নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ছবি: সংগৃহীত

সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে ৪০তম বিসিএস ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞাননির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক পুলিশিং। তিনি বলেন, ‘পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ জন্য আপনাদের তৈরি থাকতে হবে। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য কলাকৌশল ব্যবহারের মাধ্যমে অপরাধ মোকাবিলায় আপনারা পেশাগত দক্ষতা অর্জন করবেন।’ তিনি গভীর মনোনিবেশ ও কঠোর অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণের জন্য নবীন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। নবীন পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার আখ্যায়িত করে আইজিপি বলেন, ‘আপনাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।’

৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭০ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত আইজিপি (এইচআর) মো. হারুন-অর-রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।