এবার কোরবানিতে বিক্রি হয়নি প্রায় ৩০ লাখ পশু: প্রাণিসম্পদ মন্ত্রণালয়
এ বছর পবিত্র ঈদুল আজহায় প্রায় ৩০ লাখ পশু অবিক্রীত থেকেছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এবার কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু। ফলে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু অবিক্রীত থেকেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। যে পরিমাণ পশু বিক্রি হয়নি, সেগুলোকে ‘উদ্বৃত্ত’ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, গত বছরের চেয়ে এ বছর দুই লাখের বেশি পশু কোরবানি হয়েছে। গত বছর কোরবানি হয় ৯১ লাখ ৩৬ হাজার পশু। এবার কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু।
যেসব খামারি তাঁদের পশু বিক্রি করতে পারেননি, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বিষয়ে সরকারের ভাবনা কী? এমন প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন বলেন, এ বিষয়ে পর্যালোচনা চলছে। কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সরকার তা বিবেচনা করবে।
দেশে গরুর সংখ্যা বাড়লেও মাংসের দাম কেন কমছে না? এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পশুর খাদ্যের দাম বেড়ে গেছে। সরকার খাদ্যের দাম কমানোর চেষ্টা করছে। ঘাস উৎপাদনের দিকে জোর দেওয়া হয়েছে। ঘাস সঠিকভাবে উৎপাদন করতে পারলে দুধের পরিমাণ যেমন বাড়বে, তেমনি ঘাসের দামও কমবে।
সংবাদ সম্মেলনে সুলতান সালাউদ্দিন বলেন, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে—২৩ লাখ ৫১ হাজার। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমে কোরবানির চাহিদা পূরণ হওয়া প্রমাণ করে যে বাংলাদেশ প্রাণিসম্পদ উৎপাদনে আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে। এর ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদসচিব দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।