যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ফুটপাতে, নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় ফ্লাইওভারের ঢালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। তাঁদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল মামুন (৩০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঢাকা মেডিকেলে চিকিৎসারত দুজন হলেন অটোরিকশাচালক মোজাম্মেল হক (৫৫) এবং পথচারী আবু কালাম (৫০)।
ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল ইসলাম জানান, এ ঘটনায় বাসটির চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া তাঁর স্বজনদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে।