সরকারি নির্দেশনা মানছে না চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠান
সরকারি নির্দেশনা না মেনে চট্টগ্রাম নগরের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চলছে। প্রতিষ্ঠান দুটি হলো চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থিত সাউথ এশিয়ান স্কুল ও নগরের ‘এক কিলোমিটার’ এলাকায় অবস্থিত মেট্রোপলিটন রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
প্রচণ্ড দাবদাহের কারণে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনায় নিয়ে ৪ জুন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর পরের দিন একই কারণে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পাঠদানও ৮ জুন (আজ বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। গতকাল বুধবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আজ বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় মাউশি।
সরেজমিনে এই দুই বিদ্যালয়ে দেখা যায়, প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসেই চলছে পাঠদান। দুই প্রতিষ্ঠানের দাবি, খোলা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কথা হয় অন্তত ২০ জন অভিভাবকের সঙ্গে। তাঁদের ভাষ্য, সরকারি নির্দেশনার ব্যাপারে বিদ্যালয় থেকে কোনো বিজ্ঞপ্তি দিয়ে কিছু জানানো হয়নি।
মেট্রোপলিটন রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন শর মতো। সরকারি নির্দেশনা কেন মানছেন না, জানতে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নুর কাশেম তালুকদার বলেন, ‘আবাসিক (হোস্টেলে যারা থাকে) শিক্ষার্থীদের জন্য স্কুল খোলা রাখা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা কিছুটা দুর্বল। এক দিন অতিরিক্ত বন্ধ রাখা হলে তাদের পড়ালেখার ক্ষতি হতো।’
সাউথ এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ লকিতুল্লাহ বলেন, ‘প্রশাসনিক কিছু কাজের জন্য বিদ্যালয় বন্ধ রাখা হয়নি। তবে অধিকাংশ শিক্ষার্থী আসেনি। যেসব শিক্ষার্থী এসেছে, তাদের পাঠদান করা হয়েছে। যেহেতু সব ক্লাসে এসি ও ফ্যান আছে, তাই সমস্যা হয়নি।’ এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শর মতো।
জানতে চাইলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলি প্রথম আলোকে বলেন, কোনোভাবেই সরকারি আদেশ অমান্য করার সুযোগ নেই। তাঁরা কেন সরকারি আদেশ অমান্য করেছেন, সেটি জানতে চাওয়া হবে তাঁদের কাছে। অবশ্যই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।