মৃত্যু, আক্রান্তের সংখ্যা, টিকার প্রাপ্যতা ও পদক্ষেপের তথ্য জানতে চেয়ে রিট

রোগীর চাপ বাড়ায় হামের জন্য আলাদা ওয়ার্ড করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে, ২ এপ্রিল ২০২৬ছবি: প্রথম আলো

হামের প্রকোপে মারা যাওয়া ও আক্রান্তের সংখ্যা, টিকাদানের আওতা, টিকার প্রাপ্যতা এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপ–সম্পর্কিত বিস্তারিত একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। টিকাদান নিশ্চিতে ব্যর্থতা, টিকার অসহজলভ্যতা ও দেরিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণ নিরূপণে স্বাধীন অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা আবেদনকারী হয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। তিনি প্রথম আলোকে বলেন, রিটটি শুনানির জন্য আগামী সপ্তাহে আদালতে উপস্থাপন করা হবে।

রিটের প্রার্থনায় দেখা যায়, হামের প্রকোপে শিশুমৃত্যু রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অবিলম্বে আক্রান্ত এলাকায় শারীরিক উপস্থিতিতে ক্লাস অস্থায়ীভাবে বন্ধ রাখতে এবং ভার্চ্যুয়াল বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস চালিয়ে নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকসহ ছয়জনকে রিটে বিবাদী করা হয়েছে।