জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান
জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। উপদেষ্টা কমিটির বৈঠকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬৩তম অধিবেশনে এ অঞ্চল থেকে বাংলাদেশের সাবেক ওই কূটনীতিককে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ তাদের এক্স-পোস্টে মোহাম্মদ সুফিউর রহমানকে উপদেষ্টা নির্বাচনের তথ্য প্রকাশ করেছে।
উপদেষ্টা কমিটি জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা। মানবাধিকার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিষদের অনুরোধে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ দেয় ওই কমিটি। কমিটি মূলত আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কূটনীতিকদের নিয়ে গঠন করা হয়।
সাবেক কূটনীতিক সুফিউর রহমান ১৯৯৯ ও ২০০০ সালে জেনেভায় বাংলাদেশ মিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় হাইকমিশনার ও মিয়ানমারে রাষ্ট্রদূত ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স’ (এসআইপিজি) এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।