এক কলেজ ভবনে চলছে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার কোরবানীগঞ্জ এলাকায় এক ভবনেই চলছে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম চলছে সেখানে। এতে গাদাগাদি করে ক্লাস করার সমস্যাসহ শৌচাগার ব্যবহারেও বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষকেরাও বলছেন, তাঁরাও পাঠদানে হিমশিম খাচ্ছেন।
২০১৭ সালের শেষ দিকে কোরবানীগঞ্জ এলাকায় বলুয়ারদীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় এবং লামাবাজার আছদ আলী সওদাগর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ দুই বিদ্যালয়ের ভবনে বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও ক্লাস হতো। ভবন ভেঙে ফেলায় ২০১৮ সাল থেকে এ চার প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার–নিলুফার কলেজ ভবনে। অথচ সাড়ে পাঁচ বছরে নতুন ভবন নির্মাণে মাত্র পাইলিংয়ের কাজ শুরু হয়েছে।
ভবনটি কলেজের জন্য ঠিক আছে। কিন্তু পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে হওয়া মানে সেখানে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য খোলামেলা পরিবেশ প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া।
উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার–নিলুফার কলেজ ভবনটি ছয়তলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়ে কলেজের শ্রেণি কার্যক্রম চলছে। আর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় চলছে বাকি চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলছেন, একই ভবনে পাঁচ প্রতিষ্ঠান হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাতে ভোগান্তি হচ্ছে। ছুটির পর সিঁড়ি দিয়ে নামার সময় শিক্ষার্থীদের ভিড় লেগে যায়। কলেজ ভবনটি বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জ এলাকার পাশে হওয়ায় প্রায়ই সড়কে যানজট লেগে থাকে। এতে ব্যস্ত সড়কে চলাচলেও শিক্ষার্থীদের অসুবিধা হয়।
কলেজের অধ্যক্ষ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বিদ্যালয়গুলোর স্থায়ী ভবনগুলো ভেঙে নতুন করে করা হচ্ছে। ২০১৭ সালের শেষ দিকে বিদ্যালয় ভবনগুলো ভেঙে ফেলা হলে তাঁরা কলেজ ভবনে স্থানান্তরিত হয়।
গত বুধবার সরেজমিনে ভবনটিতে গিয়ে দেখা গেছে, কক্ষ–সংকটের কারণে স্থান সংকুলান করতে পারছেন না শিক্ষকেরা। বেলা সাড়ে ১১টায় প্রাথমিকের ক্লাস শেষ হলে একই কক্ষে মাধ্যমিকের ক্লাস বসে। পর্যাপ্ত কক্ষ না থাকায় সিঁড়ির মুখেই রাখা হয়েছে অতিরিক্ত বেঞ্চ-টেবিল। অধিকাংশ কক্ষের দেয়ালে ও সিঁড়িতে শেওলা জন্মেছে
শ্রেণিকক্ষ–সংকট, সিঁড়ির সামনে বেঞ্চ-টেবিল
গত বুধবার সরেজমিনে ভবনটিতে গিয়ে দেখা গেছে, কক্ষ–সংকটের কারণে স্থান সংকুলান করতে পারছেন না শিক্ষকেরা। বেলা সাড়ে ১১টায় প্রাথমিকের ক্লাস শেষ হলে একই কক্ষে মাধ্যমিকের ক্লাস বসে। পর্যাপ্ত কক্ষ না থাকায় সিঁড়ির মুখেই রাখা হয়েছে অতিরিক্ত বেঞ্চ-টেবিল। অধিকাংশ কক্ষের দেয়ালে ও সিঁড়িতে শেওলা জন্মেছে।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় প্রতিটিতে ৬টি করে কক্ষ ও ২টি করে শৌচাগার রয়েছে। এর মধ্যে একটি স্কুল ৮টি ও অন্যটি ৯টি কক্ষ পায়। তাদের মোট শিক্ষার্থী ১ হাজার ৫৬৬। রয়েছেন শিক্ষকেরা। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম তলায় থাকা ছোট স্টোর রুমগুলো শিক্ষকেরা বসার কক্ষ হিসেবে ব্যবহার করছেন।
প্রতিটি শ্রেণিকক্ষে ৯০–৯৫ শিক্ষার্থীকে বসতে হয়। অথচ কক্ষগুলোতে বসার সুযোগ রয়েছে ৫০–৬০ জনের।
একনজরে শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা
সমস্যা নিয়ে সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাদের ভাষ্য, আগে দুটি করে শাখা থাকলেও এখন একটি শাখা করা হয়েছে। সবাইকে একসঙ্গে বসতে হয়। গাদাগাদি করে বসতে গিয়ে দমবন্ধ অবস্থা। অনেক সময় এক বেঞ্চে সবাই এক সমানে লেখার সুযোগও থাকে না। এ ছাড়া এত শিক্ষার্থী ও শিক্ষকের জন্য মাত্র ছয়টি শৌচাগার। শিক্ষার্থী ও শিক্ষক সবাইকে একই শৌচাগার ব্যবহার করতে হয়।
শিক্ষকদেরও একই ভাষ্য। চারটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, কক্ষ–সংকটের কারণে শ্রেণি কার্যক্রমগুলো যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এখন কয়েকটি শ্রেণিতে একটিই শাখা করা হয়েছে। তাই অতিরিক্ত শিক্ষার্থী হওয়ায় ঠিকভাবে পাঠ দান করা যায় না। গাদাগাদি করে বসার কারণে শিক্ষার্থীরাও বিদ্যালয়ে আসতে চায় না। সাম্প্রতিক দাবদাহের সময় শিক্ষার্থীদের খুব কষ্ট হয়েছিল। এ ছাড়া স্কুলগুলো এখানে স্থানান্তর হওয়ার পর আগের তুলনায় শিক্ষার্থী কম ভর্তি হচ্ছে।
বলুয়ারদীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম মাকসুদুল ইসলাম বলেন, বর্তমানে তাঁর বিদ্যালয়ে ৭৫৪ জন শিক্ষার্থী আছে। গ্রুপ ক্লাসগুলোতে বেশি সমস্যা হয়। পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই, তাই সিঁড়ির সামনেই অতিরিক্ত বেঞ্চ-টেবিল রাখা হয়েছে।
লামাবাজার আছদ আলী সওদাগর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন মাহমুদ বলেন, শ্রেণিকক্ষের পাশাপাশি ভবনে পর্যাপ্ত শৌচাগারও নেই। ৮১২ জন ছাত্র ও ১৪ জন শিক্ষকের জন্য শৌচাগার মাত্র দুটি।
জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব সুশান্ত বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা শৌচাগার প্রয়োজন। কিন্তু এখানে শিক্ষার্থী ও শিক্ষকদের তুলনায় শৌচাগারের সংখ্যা কম। এত মানুষ যেহেতু গুটিকয় শৌচাগার ব্যবহার করে, তাই দিনে কয়েকবার পরিষ্কার করা দরকার। তবে সেটি হয় না। ফলে স্বাস্থ্যঝুঁকি রয়েই যায়।
এদিকে পর্যাপ্ত কক্ষ না থাকায় নিচতলায় কাঠের বোর্ড দিয়ে শিশু শ্রেণি ও অফিস কক্ষ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীতি সেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ভবনটি কলেজের জন্য ঠিক আছে। কিন্তু পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে হওয়া মানে সেখানে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য খোলামেলা পরিবেশ প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া।
সাড়ে পাঁচ বছরেও এগোয়নি নির্মাণকাজ
২০১৮ সাল থেকে কলেজ ভবনে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ওই চারটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো ভেঙে সেখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুটি আটতলা ভবন নির্মাণ করছে। তবে গত সাড়ে পাঁচ বছরে কেবল বিদ্যালয় ভবনগুলোর পাইলিংয়ের কাজ শুরু হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার প্রথম আলোকে বলেন, তিনি ২০২১ সালের শেষ দিকে দায়িত্ব নিয়েছেন। ইতিমধ্যে ভবনের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। নিচতলা নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।
তবে নিজস্ব ভবন না থাকায় দুশ্চিন্তায় আছে কলেজ ভবনে থাকা দুটি প্রাথমিক বিদ্যালয়। লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা সেনগুপ্ত বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর নিজস্ব ভবন নেই। আগে মাধ্যমিক বিদ্যালয়ের ভবনেই শ্রেণি কার্যক্রম চলত।
কোতোয়ালি থানা শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশীদ বলেন, আটতলা ভবন নির্মাণ শেষে ওপরে দুই তলা সম্প্রসারণ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে। সেখানেই স্থায়ীভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্থানান্তর করা হবে। এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করা হবে।
তবে নির্বাহী প্রকৌশলী বলছেন, ভবনগুলো আটতলার বেশি করার সুযোগ নেই।
আয়েশা আক্তার নামের এক অভিভাবক বলেন, অভিভাবকদের বসার স্থান নেই। সিঁড়িতে বসেই সন্তানদের ছুটির অপেক্ষা করতে হয়। বেজমেন্টে আবর্জনা জমে আছে অনেক বছর। আছে পানিও। এখন ডেঙ্গুর মৌসুম। এখান থেকে বাচ্চাদের ডেঙ্গু হওয়ার ঝুঁকি রয়েছে।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার প্রথম আলোকে বলেন, বিদ্যালয়গুলো থেকে কম দূরত্বে এই কলেজ ভবন। তাই কলেজ ভবনেই এই চার শিক্ষাপ্রতিষ্ঠানকে স্থানান্তর করা হয়েছে। তবে বিদ্যালয় ভবনগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে। এ ছাড়া বর্তমান ভবনটিতে ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।