মহাসড়কে মাছ ধরার উৎসব
সড়কের কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর ছাপিয়ে গেছে। যান চলাচল বন্ধ রাত থেকে। এই অবস্থায় কেউ কেউ পানি মাড়িয়ে হেঁটে হেঁটে গন্তব্যে ছুটছিলেন। আর কক্সবাজার, বান্দরবান, চকরিয়া, লোহাগাড়া ও সাতকানিয়ামুখী যাত্রীদের চন্দনাইশের গাছবাড়িয়া থেকে হাশিমপুর পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে। এই অবস্থায় সড়কে জাল দিয়ে মাছ ধরতে নেমেছেন স্থানীয় লোকজন।
এক–দুজন নয়, শ শ মানুষ রাস্তা ও বিলের পানিতে জাল নিয়ে নেমেছেন। বিভিন্ন পুকুর, দিঘি ও জলাশয় ডুবে যাওয়ায় প্রচুর মাছ পাওয়া যাচ্ছে বলেও জানান সৌখিন মৎস্যশিকারিরা।
চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিবরান মোহাম্মদ সায়েক বলেন, মানুষের ঘরবাড়ির পাশাপাশি কৃষিজমি ও পুকুর–জলাশয় পানিতে তলিয়ে গেছে। লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে আছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে। সড়কে কোনো গাড়ি আপাতত চলছে না।
এই সুযোগে স্থানীয় লোকজন মাছধরায় নেমে পড়েছেন। সড়ক থেকে বিলে এবং সড়কের ওপর জাল ফেলছেন তাঁরা। বাগিচা হাট ভান্ডারি পাড়ার মোস্তাফিজুর রহমান দুবাই থাকেন, তিন মাস আগে বাড়ি ফিরেছেন। বন্যার পানিতে তিনিও নেমে গেছেন জাল নিয়ে। সঙ্গে ছিল ছোট ছেলে ইসনাম।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাড়িঘরের রাস্তা সব পানিতে তলিয়ে গেছে। পুকুর–জলাশয় থেকে মাছ চলে গেছে। সবাই নামছে দেখে আমিও জাল নিয়ে বের হয়েছিলাম। একটা পাঙাস পেয়েছি।’
গাছবাড়িয়া, হাশিমপুর, কসাইপাড়া, এয়াকুবদণ্ডি, দোহাজারি, সাতকানিয়ার কেরানিহাটসহ বিভিন্ন এলাকায় এভাবে লোকজনকে মাছ ধরতে দেখা গেছে। কিশোর থেকে বৃদ্ধ সবাই নেমে পড়েছেন।
সোহেল নামের এক তরুণ বলেন, ‘সকালে জাল নিয়ে নেমেছি। কিছু মাছ পেয়েছি। আমি এমনিতে চাকরি করি শহরে। বেড়াতে এসেছিলাম। সবাই নামছে দেখে জাল নিয়ে নেমেছি।’
সোমবার রাত তিনটা থেকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।