চীনের প্রস্তাবিত করিডর ঢাকা–বেইজিং সম্পর্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন–বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ–চীন সম্পর্ক নিয়ে ‘ঢাকা ফোরাম ২০২৬’ আলোচনার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করছেন। ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারকে যুক্ত করে চীনের প্রস্তাবিত তিন দেশের অর্থনৈতিক করিডর ঢাকা–বেইজিং সম্পর্কের ভবিষ্যতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন–বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তাঁর মতে, ত্রিদেশীয় সংযুক্তির এই করিডরকে একটি কাঠামোগত সংলাপের মাধ্যমে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। কারণ, এই উদ্যোগে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একই সঙ্গে অর্থনৈতিক, ভৌগোলিক এবং কৌশলগত দিকগুলোকে যুক্ত করা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে আজ বুধবার সকালে বাংলাদেশ–চীন সম্পর্ক নিয়ে ‘ঢাকা ফোরাম ২০২৬’ আলোচনার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় ইসমাইল জবিউল্লাহ এ মন্তব্য করেন।

ঢাকায় চীনের দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চায়না স্টাডিজ সেন্টারের সহায়তায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ–চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স যৌথভাবে দিনব্যাপী ওই আলোচনার আয়োজন করেছে। উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি তিনটি কর্ম–অধিবেশনে দুই দেশের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নিচ্ছেন।

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে আরও বক্তৃতা করেন ঢাকায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন, সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের চীন অধ্যয়ন কেন্দ্রের পরিচালক লি জংগি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই ত্রিদেশীয় অর্থনৈতিক করিডরের জন্য একটি স্বতন্ত্র সুবিধা তৈরি করেছে। তাই এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে চীনের করিডরকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।

ইসমাইল জবিউল্লাহ বলেন, এই করিডরকে শুধু একটি অবকাঠামো প্রকল্প হিসেবে দেখলে চলবে না; বরং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বৃহত্তর অর্থনৈতিক একীকরণ ও কার্যকর সহযোগিতার কাঠামো হিসেবে একে বিবেচনা করা উচিত। তবে এর জন্য রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কুনমিং অঞ্চলের সঙ্গে কিয়াউকফিউয়ের তেল ও গ্যাসের পাইপলাইন সংযোগ থাকলেও পূর্ণাঙ্গ ও বাণিজ্যিকভাবে লাভজনক সড়ক ও রেল যোগাযোগ এখনো গড়ে ওঠেনি। কিয়াউকফিউ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, সমুদ্রপথে চট্টগ্রাম থেকে এর দূরত্ব প্রায় ৩৬৭ কিলোমিটার। তাঁর মতে, কুনমিং ও কিয়াউকফিউয়ের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে এবং তা বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিত করা গেলে চীন, মিয়ানমার ও বাংলাদেশকে যুক্ত করে একটি নতুন অর্থনৈতিক করিডর গড়ে উঠতে পারে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, রুইলি থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি যোগাযোগপথ গড়ে তোলা গেলে তা আরও ভালো হতো। কিন্তু রাখাইন রাজ্যের বর্তমান অস্থিতিশীলতা একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সুতরাং কার্যকর আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য রাখাইনে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে চীনের প্রভাব ও সম্পর্ক বিবেচনায় আমরা আশা করি, রাখাইন ও এ অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।’